নিজেদের নির্দোষ দাবি করলেন আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ সাত আসামি নিজেদের নির্দোষ দাবি করেছেন। মুফতি জসীম উদ্দিন রাহমানী আদালতে বলেন, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো সংগঠন নেই। তিনি ওই সংগঠনের কেউ নন। 

আজ মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদের আদালতে মুফতি জসীম উদ্দিন রাহমানী এসব কথা বলেন। ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত।
গতকাল সোমবার ব্লগার রাজীব হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা ও শেষ সাক্ষী ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণের সাক্ষ্য-জেরা শেষ হয়। আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। এরপর রাষ্ট্রপক্ষে আর অন্য কোনো সাক্ষী না থাকায় আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য করেন।
মামলার আট আসামির মধ্যে কারাবন্দী সাতজনকেই আজ আদালতে হাজির করা হয়। তাঁদের মধ্যে মুফতি জসীম উদ্দিন রাহমানী, ফয়সাল বিন নাইম ও সাদমান ইয়াছির মাহমুদ আদালতে লিখিত ও মৌখিকভাবে আত্মপক্ষ সমর্থন করেন। আর নাফিজ ইমতিয়াজ, নাঈম সিকদার ও এহসানুর রেজা মৌখিকভাবে আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। এই মামলার অপর আসামি রেদোয়ানুল আজাদ পলাতক রয়েছেন।
আদালতে উপস্থিত সব আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। তাঁরা বলেন, নির্যাতন করে তাঁদের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠিয়ে দেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই নিয়মানুযায়ী রায়ের দিন ধার্য করা হবে।
আসামিপক্ষের আইনজীবীরা হলেন, সাবেক অতিরিক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান, মোশাররফ হোসেন কাজল, ফারুক আহমেদ প্রমুখ।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকার পল্লবীতে কালশীর পলাশনগরে বাসার সামনে ব্লগার রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা হয়। গত বছরের ২৯ জানুয়ারি জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের আটজনকে আসামি করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেয় ডিবি।