ব্লগার হত্যা তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক ব্লগার হত্যা ও মুক্তচিন্তা আক্রান্ত হওয়ার ঘটনা তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।
গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ১৯টি মানবাধিকার, সামাজিক ও উন্নয়ন সংস্থার সমন্বয়ে এ ফোরাম গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ফোরাম মনে করে, প্রতিটি হত্যার ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অবহেলার অভিযোগ আছে। তারা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে না। তাই স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠন এবং সেই কমিশনের মাধ্যমে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ সব ব্লগার ও লেখকের নিরাপত্তা দিতে হবে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মুক্তচিন্তা আক্রান্ত হওয়া ঠেকাতে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ পোষণ করে বলা হয়, সরকারের গঠন করা কমিটির অপরিণামদর্শী পদক্ষেপ ব্লগার ও অনলাইন লেখকদের ঝুঁকিতে ফেলে দিয়েছে। হেফাজতে ইসলামের উত্থানের পর ২০১৩ সালে তদন্তের জন্য কমিটি গঠন করে সরকার। কমিটির নামকরণটাও ছিল আপত্তিকর। তখন হেফাজতে ইসলাম ব্লগারকে নাস্তিক আখ্যা দিয়ে ৮৪ জন ব্লগারের তালিকা কমিটিকে দেয়। বিভিন্ন গণমাধ্যম ও অনলাইনমাধ্যমে তালিকা প্রকাশ পেলে সারা দেশে ভুল ধারণা তৈরি হয় যে ব্লগার মানেই নাস্তিক। ওই কমিটির অদূরদর্শিতার কুফল এখন দেখা যাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবহেলার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক সমস্যা, নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাব—এমন প্রশ্ন করা হলে আয়োজকদের পক্ষে মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, প্রাতিষ্ঠানিক ব্যর্থতা তো আছেই। রাজনৈতিক সমস্যা আছে কি না, সেটাও খতিয়ে দেখা দরকার।
আর নাগরিক উদ্যোগের জাকির হোসেন বলেন, রাজনৈতিক নেতৃত্ব ও রাষ্ট্রের অঙ্গীকারের ঘাটতি আছে। দায়িত্বশীল জায়গা থেকে এমনও কথা বলা হয়েছে যে ব্লগারদের সহানুভূতি দেখালে সরকার নাস্তিক হয়ে যাবে। জনপ্রিয়তা কমে যাবে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপদেষ্টা সারা হোসেন বলেন, ব্লগার খুনের রহস্য উন্মোচন করতে হলে নিরপেক্ষ ও স্বাধীন কমিশন দিয়ে তদন্ত করা খুবই জরুরি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের সম্পাদক রঞ্জন কর্মকার। আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনের শেষে অংশ নেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, ব্লগার ও মুক্তচিন্তার অনুসারীদের হত্যার পর বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। তিনিও এসব হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য স্বাধীন কমিশন গঠনের দাবি জানান।