ব্লগার হত্যা দুর্ভাগ্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স বাংলাদেশে ব্লগারদের হত্যাকাণ্ডকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করেছেন। তাঁর মতে, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সমাজে ভিন্নমত ও চিন্তার চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে মারাত্মক হুমকি তৈরি করে।
গতকাল বুধবার সন্ত্রাসবাদের অর্থায়ন রোধ নিয়ে আয়োজিত দুদিনের কর্মশালার উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তৃতায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতিসংঘের সন্ত্রাসবাদ দমনবিষয়ক টাস্কফোর্স আয়োজিত এ কর্মশালায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং স্বায়ত্তশাসিত ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
ব্লগার হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, ‘আমরা দেখেছি, চরমপন্থীরা বাংলাদেশে চারজন ব্লগারকে খুন করেছে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত, যেখানে সরকার মুক্তচিন্তার প্রকাশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ ধরনের ঘটনার ফলে যেকোনো দেশের সরকারের জন্য মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার নিশ্চিতের চেষ্টাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে।’
রবার্ট ওয়াটকিন্স বলেন, ‘সবাই যেন কোনোরকম সহিংসতা ও হুমকি ছাড়া মুক্তভাবে তাদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সে ব্যাপারে আমরা একমত। তবে কেউ যদি আইন অমান্য করে, সেটি অন্য প্রসঙ্গ। তবে আইন অমান্য করায় কাউকে হুমকি দেওয়া বা খুন করা মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’
বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, এখানে সন্ত্রাসবাদ নিয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের লোকজনের মধ্যে সচেতনতা ও সামর্থ্য বাড়ানো উচিত। তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা মানব পাচারে অর্থায়নকারীদের নেটওয়ার্কের বিষয়ে পত্রিকায় শিরোনাম দেখি। এই নেটওয়ার্ক সন্ত্রাসীদের নয়, অপরাধীদের। অপরাধী ও সন্ত্রাসীদের আলাদা করা কখনো কখনো দুরূহ। কারণ, কখনো কখনো অপরাধ ও সন্ত্রাসবাদ একে অন্যের হাত ধরে চলে।’
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, কিছু আন্তর্জাতিক এনজিও প্রকৃত কল্যাণের স্বার্থে নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করে। ওই তহবিলের টাকা উন্নয়ন কর্মকাণ্ড, এনজিও তৎপরতার নামে ব্যবহার করা হয়। অবৈধ তেল, মাদক ও অস্ত্রের মাধ্যমেও সন্ত্রাসবাদের অর্থায়ন হয়ে থাকে।
সন্ত্রাসবাদের অর্থায়ন রোধে সরকারের কৃতিত্বের উল্লেখ করে শহীদুল হক বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ এ বিষয়ে শুধু আইন প্রণয়নই করেনি, এটি বাস্তবায়নেও অগ্রগতি হয়েছে।