ব্লগার হত্যাকারীদের খুঁজতে যৌথভাবে কাজ করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের খুঁজতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে যৌথভাবে কাজ করার নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে কমিটি একটি কর্মপরিকল্পনা তৈরির সুপারিশ করেছে। এর ভিত্তিতে ব্লগার হত্যাকারীদের বিরুদ্ধে সরকার পরবর্তী ব্যবস্থা নেবে।

গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ড রাজনৈতিক হত্যা। তিনি বলেন, যেসব রাজনৈতিক অপশক্তি পেট্রলবোমা মেরে, বোমা মেরে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে শান্তি বিনষ্ট করেছিল, সেই সব অপশক্তি এখন ব্লগার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে।

কমিটির সভাপতি বলেন, ‘বৈঠকে ব্লগার ও শিশু হত্যা, মানব পাচারসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ব্লগার ও শিশু হত্যার বিষয়ে সরকার অত্যন্ত তৎপর রয়েছে। ইতিমধ্যে আটক করা আসামিদের কাছ থেকে নানা তথ্য পাওয়া গেছে। এর পেছনের ব্যক্তিদের খুঁজে বের করতে এবং তাদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’

সিলেটে শিশু সামিউল হত্যাকাণ্ডে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, অভিযোগপত্র তৈরি আছে। যেকোনো সময় আসামিদের আইনের হাতে সোপর্দ করা হবে। এ ছাড়া খুলনায় রাকিব হত্যায় তিনজনকে ও বরগুনায় শিশু রবিউলকে হত্যায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রী অভিযোগ করে বলেন, এর আগেও নির্বাচন বানচাল করতে রাজনৈতিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হয়েছিল।