ব্লগার হত্যাকারীদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার হত্যাকাণ্ডের বিচারে সরকারের নীরবতা অ্যাবসার্ড নাটকের মতো বলে দাবি করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতারা। গতকাল রোববার পুরানা পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এই দাবি করেন।
পল্টন শাখা সিপিবির উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, আনসারুল্লাহ বাহিনী তাদের লক্ষ্য অনুসারে প্রায় প্রতি মাসে একজন করে ব্লগারকে হত্যা করছে আর সরকার চুপচাপ দেখে যাচ্ছে। সর্বশেষ তারা হত্যা করেছে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে। হত্যার হুমকি দিয়েছে ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে।
বক্তারা প্রশ্ন তোলেন, সামাজিক গণমাধ্যমে যখন কেউ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে মন্তব্য করলে সরকার তাকে পাকড়াও করতে দ্বিধা করে না, সেখানে ব্লগারদের হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকে কী করে? হত্যাকারীদের বিচার না করায় তারা বেপরোয়াভাবে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
নেতারা অবিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। পাশাপাশি এই খুনিদের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুর্শিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক সৈয়দ আবুজাফর আহমদ, সাজেদুল হক, কার্ত্তীক চক্রবর্তী, সেকেন্দার হায়াত প্রমুখ। বিজ্ঞপ্তি।