ব্লগার হত্যার প্রতিবাদে ব্রিটিশ প্রতিমন্ত্রীর ব্লগ লেখা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়ার। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে হত্যার সপ্তাহ পূর্তির দিনে গতকাল শুক্রবার ব্রিটিশ এই প্রতিমন্ত্রী নিজেই ব্লগ লেখা শুরু করেন।
যুক্তরাজ্যের ‘ফরেন অফিস ব্লগস’ সাইটে তিনি ‘বাকস্বাধীনতা একটি অধিকার, যা রক্ষা করতে হবে’ শিরোনামে ব্লগটি লেখেন। নিজের লেখা প্রথম ব্লগে হুগো সোয়ার বাংলাদেশে চলতি বছর চারজন ব্লগারকে হত্যার কথা উল্লেখ করে লেখেন, ‘কিছুদিন যাবৎ আমি নিজে ব্লগ লেখার কথা ভাবছিলাম। গত সপ্তাহের ঘটনা আমাকে মনস্থির করতে বাধ্য করে যে, কাজটি শুরু করতে আমার আর দেরি করা উচিত নয়।’
প্রতিমন্ত্রী আরও লিখেছেন, ‘এ ধরনের উগ্রবাদের বিষাক্ত বীজ যাতে বাংলাদেশে শিকড় গাড়তে না পারে, তা নিশ্চিত করা যুক্তরাজ্যেরও স্বার্থের ব্যাপার। আমাদের অংশীদারত্বের তাৎপর্যপূর্ণ যৌথ ইতিহাস রয়েছে—আমরাই প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে বরণ করেছিলাম। আজও আমাদের দুই দেশের মানুষের মধ্যে খুবই ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে এবং বহুভাবে তারা আমাদের সমাজকে সমৃদ্ধ করেছে।’ যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত সদস্যদের কথাও তিনি আনন্দের সঙ্গে উল্লেখ করেন।