ব্লগার হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের জন্য বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ব্লগার হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের জন্য বিপজ্জনক। তবে সরকার এসব হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের জন্য খুবই আন্তরিকভাবে কাজ করছে। এঁদের হত্যার বিচার হবেই।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে তথ্যপ্রযুক্তি আইন-২০০৬ ও অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে একটি গোলটেবিল বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন। আর্টিকেল নাইনটিন নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে কিছু সীমাবদ্ধতা আছে। এ জন্য এগুলোর সমাধান হওয়া উচিত। সরকার নতুন করে সাইবার নিরাপত্তা আইন করছে। এটা এখন ওয়েবসাইটে আছে। এই আইন হলে আইসিটি আইনের সংস্কার নিয়ে যত আলোচনা হচ্ছে তার সমাধান হয়ে যাবে।
সভায় ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক শাখার প্রধান আদ্রিয়ান জোনস্ ব্লগার সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে তাঁদের নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান। মুক্তচর্চার পরিবেশ যেন বাধাগ্রস্ত না হতে পারে, সে ব্যাপারে এ দেশের সব মহলের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
আলোচনা সভায় বক্তারা তথ্যপ্রযুক্তি আইনের ৪৬ ও ৫৭ ধারার সমালোচনা করেন। তাঁরা বলেন, ৪৬ ধারায় নিয়ন্ত্রককে অপরাধের ব্যাখ্যা করার যে ক্ষমতা দেওয়া হয়ে তা স্পষ্ট নয়। আর ৫৭ ধারায় অনলাইনে লেখা কোনটি অপরাধ বলে গণ্য হবে তা-ও অস্পষ্ট। ফলে এ ক্ষেত্রে আইনের অপব্যবহারের সুযোগ থেকে গেছে। তা ছাড়া এই দুটি ধারাকে সংবিধান, ব্যক্তিস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করে বক্তারা তা বাতিলের দাবি জানান।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, গত সাত বছরে ইন্টারনেট ব্যবহার দ্রুতগতিতে বেড়েছে। ২০০৮ সালের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০ লাখের নিচে। আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার কোটিতে। প্রতি ১২ সেকেন্ডে একজন বাংলাদেশি ফেসবুকে অ্যাকাউন্ট করছেন। তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বাড়ছে। অপরাধও বাড়ছে। অপরাধীরা অপরাধের ধরনও পাল্টাচ্ছে। তাই প্রয়োজন অনুযায়ী আইনের সংশোধন হবে।
আইসিটি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বলেন, সরকারের ডিজিটাল প্রচার ও তা বাস্তবায়নের সঙ্গে আইন যায় না। এ দেশে বেশির ভাগ আইনই দেড়-দুই শ বছরের পুরোনো। এই আইনগুলো পরিবর্তন হওয়া উচিত বলে তিনি মত দেন।
সাংসদ রুস্তম আলী ফারাজি বলেন, এ দেশের ৯০ ভাগ মানুষ মুসলিম। বাক্স্বাধীনতার কথা বলে তাদের অনুভূতিতে আঘাত করা ঠিক না।
বৈঠকে সভাপতিত্ব করেন আর্টিকেল নাইনটিন-এর পরিচালক তাহমিনা রহমান। এতে সাংসদ মোয়াজ্জেম হোসেন, হোসনে আরা বেগম, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের কমিশনার সালেহ আহমেদ হাকিম, আইন কমিশনের সদস্য শাহ আলম, আইনজীবী জেড আই খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।