ব্লগারদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জার্মান রাষ্ট্রদূতের
দেশে একের পর এক ব্লগারের ওপর হামলা ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ। ব্লগারদের নিরাপত্তা দিতে এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত করতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইংরেজি ভাষায় জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের নতুন একটি টিভি চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ আহ্বান জানান। তিনি বলেন, যাঁরা ব্লগে লেখালেখির মাধ্যমে ভিন্নমতের চর্চা করেন, তাঁদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত থমাস প্রিনজ বলেন, ‘আপনারা জানেন, এখন সাংবাদিকতার নতুন ধরন রয়েছে, যেটা ব্লগগুলোর মতো কাজ করছে। গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত করা এবং নিউ মিডিয়া, বিশেষ করে ব্লগারদের সুরক্ষা দেওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের জন্য গুরুত্বপূর্ণ।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আব্দুল মান্নান।