ব্লগারদের নিরাপত্তা নিয়ে ভাবনা পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদ রাজীব হায়দার নিহত হওয়ার পর ব্লগারদের নিরাপত্তা দেওয়ার চিন্তাভাবনা করছে পুলিশ প্রশাসন। তবে কীভাবে তাঁদের নিরাপত্তা দেওয়া হবে, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, ‘যেসব ক্ষেত্রে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন আছে, সেসব ক্ষেত্রে অবশ্যই নিরাপত্তা দেওয়া হবে।’ এদিকে শাহবাগের প্রজন্ম চত্বরে তরুণদের নতুন করে ২৪ ঘণ্টা অবস্থান নেওয়ার ঘোষণার পর সেখানকার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা বলেন, যেসব ব্লগার প্রজন্ম চত্বরে সক্রিয় ভূমিকা রাখছেন, তাঁদের একটি তালিকা করা হচ্ছে। তাঁরা কী ধরনের নিরাপত্তা চাইছেন, তা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত কর্মকর্তারা তাঁদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি তাঁদের কার্যক্রমে যাতে কেউ বাধা দিতে না পারে, সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। ব্লগারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগও রাখা হচ্ছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, হাজার হাজার তরুণ ব্লগের সঙ্গে জড়িত। আলাদা করে তাঁদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আবার তাঁদের নিরাপত্তার ব্যাপারটিও এখন বড় হয়ে দেখা দিয়েছে। পুলিশ প্রশাসন এসব নিয়ে চিন্তাভাবনা করছে। কীভাবে তাঁদের নিরাপত্তা দেওয়া হবে, তার একটি কৌশল ঠিক করা হচ্ছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত করা হয়নি। কয়েকজন ব্লগার তাঁদের নিরাপত্তা নিয়ে মহানগর পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত কমিশনার প্রথম আলোকে বলেন, শাহবাগের প্রজন্ম চত্বরকে ঘিরে ২৪ ঘণ্টাই পুলিশের নিরাপত্তাবেষ্টনী রয়েছে। রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, শাহবাগের পুলিশ সদস্যরা প্রজন্ম চত্বরের তরুণদের সঙ্গে যোগাযোগ রেখে নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।