ব্লগারদের ফাঁসি দাবি করে ধর্মভিত্তিক দুটি দলের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী ‘নাস্তিক’ ব্লগারদের ফাঁসির দাবি করে রাজধানী ঢাকায় গতকাল বুধবার বিকেলে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মভিত্তিক দুটি সংগঠন ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোট। একই দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে সব মসজিদে দোয়া ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে দুটি সংগঠন।পুরানা পল্টন এলাকায় পৃথক দুটি সমাবেশ থেকে বাম রাজনীতি নিষিদ্ধ করার দাবির পাশাপাশি গণমাধ্যমের কড়া সমালোচনা করা হয়। একই সঙ্গে শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনকে কটাক্ষ করে অশালীন বক্তব্যও দেন নেতারা।ইসলামী আন্দোলনের সমাবেশে দলের সভাপতিমণ্ডলীর সদস্য চরমোনাইয়ের পীর সৈয়দ মো. ফয়জুল করিম দুষ্কৃতকারীদের হাতে নিহত ব্লগার রাজীব হায়দারকে ‘কাফের’ সম্বোধন করেন। তিনি বলেন, ‘শহীদ একটি ধর্মীয় ভাষা, এটা কোনো নাস্তিকের জন্য নয়। রাজীব ব্লগে যা লিখেছে, তা সত্য হলে সে কাফের। আর কাফেরের জানাজা পড়া হারাম।’ফয়জুল করিম অভিযোগ করেন, নাস্তিকেরা রাস্তায় নেমেছে, আর কিছু মিডিয়া তাতে বাতাস দিচ্ছে। তিনি বলেন, ‘ব্লগার রাজীব-আসিফকে নিয়ে আমার দেশ, ইনকিলাব, নয়া দিগন্ত মিথ্যা লিখলে শোকজ করুন। তারা প্রমাণ করতে না পারলে বিচার করুন। কিন্তু আমার প্রশ্ন, রাজীবের ব্লগ ও ফেসবুকের স্ট্যাটাস মুছে ফেলা হলো কেন?’ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, স্পিকারকে স্মারকলিপি দিয়ে ব্লগাররা ছয় দফা দাবি দিয়েছিলেন। এর একটি ছিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। এখন বলছেন তাঁদের দাবি একটাই, যুদ্ধাপরাধীদের ফাঁসি। এটা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা।এ টি এম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির নেতা আবু সাঈদ সিদ্দিকী, আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ। সমাবেশ শেষে পুরানা পল্টন থেকে একটি মিছিল দৈনিক বাংলা হয়ে বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করে।ইসলামী ঐক্যজোট: বিকেল পাঁচটায় পুরানা পল্টনে পৃথক সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী বলেন, যত দিন নাস্তিক-মুরতাদদের বিচার না হবে, তত দিন তৌহিদি জনতা ঘরে ফিরে যাবে না। দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ অভিযোগ করেন, দেশ থেকে ইসলামের অনুসারীদের নিষিদ্ধ করার জন্য প্রথম আলো, কালের কণ্ঠ, সমকালসহ বিভিন্ন মিডিয়া সুপরিকল্পিতভাবে শাহবাগ তৈরি করেছে।ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আবদুর রকিব, আবুল হাসানাত আমিনী প্রমুখ।