ব্লগারদের মুক্তির দাবি করেছেন বিশিষ্টজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার রক্ষা করা এবং গ্রেপ্তার করা ব্লগারদের মুক্তির দাবি করেছেন দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাহিত্যিক, কবি, চলচ্চিত্রশিল্পী, আইনজীবী ও উন্নয়নকর্মীরা। গতকাল শুক্রবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ দাবি জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেছেন, সরকারের দমনমূলক পদক্ষেপ প্রকৃতপক্ষে যুদ্ধাপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক অপশক্তিকেই মদত দিচ্ছে। সরকার দেশে মুক্তচিন্তা ও স্বাধীনভাবে মত প্রকাশের মৌলিক অধিকারকে হরণ করে সার্বিক গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন করে তুলেছে।দেশের ৮৫ জন বিশিষ্ট নাগরিক ওই বিবৃতিতে গভীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ব্লগারদের নেতৃত্বে পরিচালিত গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রতি সর্বস্তরের নারী-পুরুষ যখন অকুণ্ঠচিত্তে সমর্থন দিয়েছে, তখনই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের ওপর একই সময়ে ধর্মব্যবসায়ী ও সরকার আক্রমণ করেছে। তাঁরা বলেছেন, অত্যন্ত লজ্জা ও পরিতাপের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, যুদ্ধাপরাধীদের রক্ষার্থে এগিয়ে আসা ধর্মব্যবসায়ীদের চাপের মুখে সরকার নতজানু হয়ে প্রগতিশীল ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মের ওপর দমন-পীড়ন চালানোর ঘৃণ্য নীতি গ্রহণ করেছে। সে কারণে ব্লগার মশিউর রহমান, সুব্রত অধিকারী, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। সরকার আরও অনেক তরুণকে অভিযুক্ত ও গ্রেপ্তার করার জন্য তালিকা তৈরি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও নতুন নিপীড়নমূলক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।বিবৃতিদাতারা বলেছেন, ‘আমরা সুস্পষ্ট ভাষায় গ্রেপ্তারকৃত ব্লগারদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং অবিলম্বে মত প্রকাশের মৌলিক অধিকার হরণমূলক সকল কর্মকাণ্ড বন্ধ করার জোর দাবি জানাচ্ছি।’বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাহিত্যিক সেলিনা হোসেন, লেখক মেঘনা গুহ ঠাকুরতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া নিশাত আমিন ও গীতি আরা নাসরীন, পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, সাংবাদিক সেলিম সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সহযোগী অধ্যাপক কাবেরী গায়েন, রোবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।