পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ব্লগাররা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে আর জঙ্গিরা মানুষকে হত্যা করে মানবতার ক্ষতি করছে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সেমিনারে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, জঙ্গিরা মানুষের তৈরি সংবিধান মানে না। ধর্মের অপব্যাখ্যা করে সব মানুষকে মুরতাদ, মুশরিক, মুনাফেক ও কাফের বানানো হচ্ছে। জঙ্গিদের বোঝানো হয়, এই চার শ্রেণির মানুষকে হত্যা করতে গিয়ে মৃত্যু হলে কোনো বিচার হবে না, সরাসরি জান্নাতে যাওয়া যাবে। এই জান্নাতের স্বপ্ন দেখেই তারা জিহাদি হয় ও মানুষকে হত্যা করে।
আমার কাগজ নামের একটি দৈনিকের ১৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে সেমিনারটির আয়োজন করা হয়। সেমিনারে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মীর আশফাকুজ্জামান। সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সভাপতি হাজী আলাউদ্দিন।
সেমিনারে আইজিপি বলেন, জঙ্গিদের এমনভাবে সম্মোহিত করা হয় যে তারা গ্রেপ্তার হলে আর বাঁচতে চায় না। তারা বলে, ‘আমাদের মেরে ফেলেন, আমরা জান্নাতে যাব।’ এ জন্য তিনি সামাজিক আন্দোলন ও আলেম সমাজকে ইসলামের সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
আইজিপি বলেন, ‘অতিরিক্ত মুক্তচিন্তা করতে গিয়ে বিপদ ডেকে আনছেন ব্লগাররা। তাঁরা ধর্মকে, ইসলামকে তাঁদের মুক্তচিন্তার বিষয় হিসেবে নিয়ে যেভাবে ধর্মের বিরুদ্ধে বিকৃত এবং নবীজি ও ইসলাম সম্পর্কে কটূক্তি করেছেন, তা ভাষায় প্রকাশ করা যায় না।’
সাম্প্রতিক সময়ে আলোচিত জাতীয় ঐক্য সম্পর্কে আইজিপি বলেন, সবাই মিলে একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে, তার কোনো প্রয়োজন নেই। যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করলেই হয়।