ব্লগে খালেদা জিয়াকে হত্যার হুমকি অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্লগে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। গতকাল রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। তিনি অবিলম্বে হুমকিদাতা ওই ব্লগারদের গ্রেপ্তারের দাবি জানান। রুহুল কবির রিজভী বলেন, ‘কতিপয় ব্লগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে হুমকি ও স্ট্যাটাস পোস্ট করেছে। একটি পোস্টে বলা হয়েছে, “আমরা মন চাইতাছে, খালেদারে মাইরা গণহত্যা শুরু করি।” এ ধরনের হত্যার হুমকি ক্রিমিনাল অফেন্স, মানবতাবিরোধী অপরাধ। আমরা ওই সব নষ্ট, নোংরা ও বিপথগামী ব্লগারের এহেন মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী দাবি করেন, ‘শাহবাগের আন্দোলন হচ্ছে আওয়ামী লীগের একটি এক্সটেনশন। ভিনদেশীয় সাংস্কৃতিক আগ্রাসনের জায়গা। সরকারের প্রত্যক্ষ মদদে এই আন্দোলন চলছে। বাইরে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সরবরাহ করা মিনারেল ওয়াটার ও খাবারের প্যাকেট লাঞ্চ দিয়ে এই আন্দোলনকে সচল রাখা হয়েছে। এটা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে।’সংখ্যালঘুদের ওপর হামলার জন্য সরকার দায়ী: বিকেলে বিএনপির অপর এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে ‘ক্ষমতাসীন গোষ্ঠীর চক্রান্ত’ বলে দাবি করেন। তিনি বলেন, ‘শাহবাগের আন্দোলনে জনগণকে ধাবিত করতে না পেরে সরকার এখন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা চালিয়ে বিরোধী দলের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।’ ‘ক্ষমতাসীন গোষ্ঠীর চক্রান্ত’ প্রতিহত করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা রক্ষায় সর্বশক্তি দিয়ে তাদের পাশে দাঁড়াতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। গত শনিবারের প্রতিবাদ মিছিলে বিশৃঙ্খলার ঘটনায় তিনটি মামলায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারাসহ আড়াই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করার প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। রুহুল কবির রিজভী বলেন, সরকারের নির্বিচার গণহত্যাকে মাটিচাপা দেওয়ার জন্য বিএনপির নেতাদের বিরুদ্ধে এ মামলা দেওয়া হয়েছে। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘কিছু গণমাধ্যমের মালিককে ভয় দেখিয়ে আপনারা কোরাস গাইবেন, আর মানুষ তা বিশ্বাস করবে; এটা ভাবার কোনো কারণ নেই। মানুষ বুঝে গেছে, এ সরকার কতটা নৃশংস খুনি।’