ফেসবুক ও ব্লগে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা পোস্টকে আইনি কাঠামোয় এনে বন্ধ করার পক্ষে মত দিয়েছে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিষয়টি আলোচিত হয়।বৈঠকের পর কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফী সাংবাদিকদের বলেন, ব্লগ ও ফেসবুকে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ অন্যান্য রাজনৈতিক নেতার চরিত্র হননকারী বিভিন্ন পোস্ট নিয়ে বৈঠকে আলোচনা হয়। কমিটি মনে করে, ফেসবুকের একটি ভুয়া পোস্টকে কেন্দ্র করে কক্সবাজারের রামুর বৌদ্ধমন্দিরে হামলা করা হয়েছিল। এসব বিষয় রোধ করার জন্য বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা বলেন, ইন্টারনেট ব্যবহার করে ব্লগারদের নিয়ে এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। তাঁরা এ ধরনের পোস্ট বন্ধ এবং পোস্টগুলো শনাক্ত করার জন্য ‘সাইবার ফরেনসিক ল্যাব’ স্থাপনের পক্ষে মত দেন।কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ফেসবুক ও ব্লগে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা পোস্টগুলো আইনগতভাবে ‘শুদ্ধ’ কি না, কমিটি তা জানতে চেয়েছে। কমিটি মনে করে, বিদ্যমান তথ্য ও যোগাযোগ আইনের আওতায় এ ধরনের তৎপরতা বন্ধ করা সম্ভব না হলে আইন সংশোধন করতে হবে। তবে নিষিদ্ধ করার বিষয়টি বিশ্বের অন্যান্য দেশের আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটা বিবেচনায় নিতে হবে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কমিটির আগামী বৈঠকে মন্ত্রণালয়কে একটি তুলনামূলক প্রতিবেদন দিতে বলা হয়েছে। আইটি ভিলেজ: সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে দেশের পাঁচটি বিভাগে আইটি (ইনফরমেশন টেকনোলজি) ভিলেজ স্থাপনের কাজ দ্রুত শুরু করার সুপারিশ করা হয়। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ ও ভিয়েতনামের উদাহরণের আলোকে হাইটেক পার্কের পাশে সরকারি খালি জায়গায় আইটি বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। আবদুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, জুনাইদ আহমেদ, ফজিলাতুন নেসা ও সৈয়দা আশিফা আশরাফী অংশ নেন।