
সিলেটে লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার দায় স্বীকার করে গতকাল বুধবার আদালতে জবানবন্দি দিয়েছেন শুক্রবার গ্রেপ্তার হওয়া মান্নান রাহী। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল জালালাবাদ থানার টুকেরবাজার গ্রাম থেকে আবুল খায়ের ওরফে রশীদ আহমদ নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১২ মে সকালে নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে দুর্বৃত্তরা অনন্ত বিজয়কে (৩২) কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। ২৫ মে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।
গত শুক্রবার ভোরে কানাইঘাট উপজেলার পূর্ব পালজুর গ্রাম থেকে দুই ভাই মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী (২৪) ও মোহাইমিন নোমান ওরফে এ এ এম নোমানকে (২২) গ্রেপ্তার করে সিআইডি। দুজনের মধ্যে রাহী গতকাল বিকেলে সিলেট মহানগর হাকিম আদালতে (তৃতীয়) জবানবন্দি দেন। আদালতের বিচারক আনোয়ারুল করিম ১৬৪ ধারায় এই জবানবন্দি রেকর্ড করেন।
ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় জবানবন্দির বিস্তারিত কোনো তথ্য দেননি সিআইডির তদন্ত কর্মকর্তা। তবে সিআইডির একটি সূত্র জানায়, গ্রেপ্তারের দিনই মান্নান রাহী ও নোমানকে সাত দিনের রিমান্ডে নিয়ে ঢাকায় জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। গতকাল রাহী খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। এরপর বেলা তিনটা থেকে প্রায় চার ঘণ্টা জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দিতে হত্যা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন রাহী। বলেছেন, ব্লগে লেখালেখির কারণেই অনন্ত বিজয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে সন্ধ্যায় রাহীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড শেষ হলে নোমানকেও আদালতে হাজির করা হবে।
সিআইডি গত শুক্রবার সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে মান্নান রাহীর বিভিন্ন নামে একাধিক আইডি রয়েছে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তবে অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন। রাহীর ভাই নোমান কানাইঘাটের একটি মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী।
আরেকজন গ্রেপ্তার: রাহী ও নোমানের গ্রাম কানাইঘাটের পালজুর থেকে গতকাল আরেকজনকে গ্রেপ্তার করে সিআইডি। আবুল খায়ের ওরফে রশীদ আহমদ (২৪) নামের এই তরুণ মান্নান রাহীর সহযোগী বলে দাবি করেছেন তাঁরা।
গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। তিনি জানান, গতকাল বিকেলেই খায়েরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
অনন্ত বিজয় দাশ বস্তুবাদ ও যুক্তিবাদ নিয়ে ব্লগে লেখালেখি করতেন। তাঁর লেখা ও সম্পাদিত বিজ্ঞানবিষয়ক বই রয়েছে। বিজ্ঞানবিষয়ক ছোট কাগজ যুক্তি নামের একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি। সিলেটে পরিচালিত বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন অনন্ত।
আরও পড়ুন