ব্লাড ব্যাংকে 'সবুজ রক্ত', জরিমানা
পুরোনো ও নোংরা রেফ্রিজারেটরের ভেতর ঠেসে রাখা হয়েছিল অর্ধশত রক্তের ব্যাগ। রক্ত সংগ্রহের তারিখ ব্যাগগুলোর ওপর লেখা ছিল না। বেশির ভাগ ব্যাগের রক্ত অনেকটা সবুজ রং ধারণ করেছিল। রাজধানীর শাহবাগ এলাকার লাইফ সেভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সমিশন মেডিসিন সেন্টারে গতকাল সোমবার বিকেলে অভিযান চালিয়ে এ ধরনের রক্তের ব্যাগ উদ্ধার করেছেন র্যা ব-২-এর ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে এর মালিক আবুল বাশারকে (৪৫) দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন। এ ছাড়া ব্লাড ব্যাংকটির এক কর্মচারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নোংরা পরিবেশ ও মূল্যতালিকা না থাকার দায়ে চকবাজার এলাকার ক্রিয়েটিভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সমিশন মেডিসিন সেন্টারের মালিক মোশায়ের হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান দুটির নেতৃত্ব দেন র্যা ব-২-এর উপপরিচালক দিদারুল আলম। তিনি বলেন, লাইফ সেভ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সমিশন মেডিসিন সেন্টারে মাদকসেবীদের কাছ থেকে রক্ত সংগ্রহ করা হতো। এর পরিবেশ ছিল একেবারে নোংরা। রক্ত সংরক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা ছিল না। সাধারণ রেফ্রিজারেটরে রক্ত রাখা হতো। সাধারণ কর্মচারীরা মাদকসেবীদের কাছ থেকে রক্ত ব্যাগে ভরার কাজ করতেন।
দিদারুল আলম বলেন, লাইফ সেভ ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটর থেকে রক্তভর্তি ৬০টি ব্যাগ উদ্ধার করা হয়। বেশির ভাগ রক্ত এতই পুরোনো ছিল যে এর রং লাল ছিল না। রং বদলে গিয়ে অনেকটা সবুজ হয়ে গিয়েছিল।