ব্লাড ব্যাংকের মালিকসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রক্ত সংগ্রহ ও বিক্রির দায়ে একটি ব্লাড ব্যাংকের মালিকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ব্লাড ব্যাংকটি সিলগালা করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বকশিবাজারের ঢাকা ব্লাড ব্যাংকে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। পরে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ খোকন এবং দুই কর্মচারী রবিউল ইসলাম ও মো. রাসেলকে দণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠান আদালত। খোকনকে তিন বছর ও দুই কর্মচারীকে এক বছর করে কারাদণ্ডাদেশকে দেওয়া হয়েছে।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, ১/১ বকশিবাজারে অবস্থিত ঢাকা ব্লাড ব্যাংক নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের লাইসেন্স আছে। কিন্তু শর্ত না মেনে এবং পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তারা রক্ত সংগ্রহ ও বিক্রি করছে। ব্লাড ব্যাংকের চিকিত্সক ও নার্স রাখার শর্ত থাকলেও তারা তা মানেনি। কোনো পরীক্ষা ছাড়া নিজেরাই রক্ত সংগ্রহ করছিল প্রতিষ্ঠানটি। অভিযানের সময় মাদকাসক্ত এক ব্যক্তির শরীর থেকে রক্ত নেওয়া হচ্ছিল। এ ছাড়া সেখানকার পরিবেশ নোংরা ও দুর্গন্ধময়।
র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মালিক খোকনকে তিন বছর এবং দুই কর্মচারীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। পরে তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।