ব্লাডব্যাংক ওয়েব সাইটের উদ্বোধন
নাটোরে একটি ব্লাডব্যাংক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সিংড়া পৌর মিলনায়তনে নাটোর-৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদ ওয়েবসাইটটির উদ্বোধন করেন। এতে ইন্টারনেটের মাধ্যমে রক্তদানে আগ্রহী ব্যক্তিদের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যাবে।উপজেলা প্রশাসন সূত্র জানায়, সিংড়াকে ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য ব্লাডব্যাংক ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে— www.livebloodbank.comউদ্বোধনকালে সাংসদ বলেন, এই ওয়েবসাইটের বৈশিষ্ট্য হচ্ছে, এতে বিশ্বের যেকোনো ব্যক্তি (যিনি রক্তদানে আগ্রহী) নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনকৃত ব্যক্তির মুঠোফোন নম্বর ও ই-মেইল ঠিকানাসহ পূর্ণাঙ্গ ঠিকানা থাকবে। প্রয়োজনে যে কেউ ঘরে বসেই রক্তদাতার পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহ করে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ মোল্লার পরিচালনায় ২৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক হুসনে আরা বেগম, আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী প্রমুখ।