ব্লাডের বর্ণনায় ১৯৬২-এর একুশে ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় মহাফেজখানা থেকে প্রথম আলো সংগ্রহ করেছে বায়ান্নর মার্কিন দলিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা এসব গোপন দলিলের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বাদশ কিস্তি
একাত্তরের গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন মার্কিন কূটনীতিক অর্চার কেন্ট ব্লাড। নিক্সন-কিসিঞ্জারের নীতির বিরোধিতাকারী সেই বহুল আলোচিত ‘ব্লাড টেলিগ্রাম’-এর রূপকার ব্লাড অন্তত একটি একুশে ফেব্রুয়ারি পালনের প্রত্যক্ষদর্শী ছিলেন। সারা দেশে শহীদ দিবস পালনের ব্যাপকতা বৃদ্ধির জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকার প্রশংসা করেছিলেন।
১৯৬২ সালের ২৮ ফেব্রুয়রি ঢাকা থেকে ওয়াশিংটনে প্রেরিত তাঁর একটি বার্তায় ১৯৬২ সালের একুশে ফেব্রুয়ারির বিবরণ পাওয়া গেছে। তখন তিনি ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন কনসাল। ব্লাড লিখেছেন, খুব সকালে ছাত্ররা আজিমপুর সমাধিতে জড়ো হতে শুরু করেন। অনেকেই কালো ব্যাজ ধারণ করেন। তাঁদের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে লেখা শহীদ স্মৃতি দীর্ঘজীবী হোক। বাংলা ভাষার ব্যাপকভিত্তিক প্রচলন এবং বাংলা ভাষার স্বীকৃতির সপক্ষেও অনেক প্রচারপত্র ছিল। ছাত্ররা মানবসারি তৈরি করে সুশৃঙ্খলভাবে মেডিকেল কলেজ চত্বরে স্মৃতিসৌধে (নির্মাণকাজ তখন থেমে ছিল) সমবেত হয়।
স্মৃতিসৌধটি কালো কাপড়ে ঢাকা ছিল। ছাত্ররা পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তাঁরা একটি সংক্ষিপ্ত সভাও করেন। এতে একুশে ফেব্রুয়ারি জাতীয় ছুটি ঘোষণা, শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, ১৯৫৮ সালের পরিকল্পনা অনুযায়ী স্মৃতিসৌধের নির্মাণকাজ সম্পন্ন করার প্রস্তাব পাস হয়।
গতকাল ভাষা গবেষক আহমেদ রফিক জানিয়েছেন, জনপ্রিয় গভর্নর আজম খানের উদ্যোগেই একটি শহীদ স্মৃতি কমিটি গঠন করা হয়েছিল। বর্তমান শহীদ মিনার ওই কমিটির সুপারিশেরই ফল।
অর্চার ব্লাড লিখেছেন, ছাত্রদের ওই সভায় সরকারি কমিটিতে ১৫ জন ছাত্রসহ পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান খানকে অন্তর্ভুক্ত করারও প্রস্তাব পাস হয়। ১৯৫২ সালে যেসব ছাত্র নিহত হয়েছিলেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করাও ওই কমিটির দায়িত্ব ছিল। আহমেদ রফিক অবশ্য নিশ্চিত করেছেন যে পাকিস্তান আমলে শহীদ পরিবারের কেউ সাহায্য পাননি। ওই সভা প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল এবং ছাত্ররা শান্তিপূর্ণভাবে সভাস্থল ত্যাগ করেন।
ব্লাড আরও উল্লেখ করেন, শহীদ দিবস পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকাগুলোতে পুলিশ বাহিনীকে লাঠি ও অস্ত্র নিয়ে সতর্ক প্রহরায় দেখা যায়। বিভিন্ন সরকারি স্থাপনায় পূর্ব পাকিস্তান রাইফেলসের মোবাইল রেডিও ইউনিটকে সক্রিয় থাকতে দেখা গেছে।
বাংলা একাডেমিতে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. কাজী মোতাহার হোসেন বাংলা লিখতে রোমান হস্তলিপি চালুর বিরোধিতা করেন। ময়মনসিংহের করটিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ইব্রাহীম খাঁ স্মৃতিসৌধ স্থাপনের সিদ্ধান্তের জন্য পূর্ব পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান। ব্লাডের কথায়, বামপন্থী অধ্যাপক মুনীর চৌধুরী, ভাষা আন্দোলনে যোগদানের জন্য যাঁকে জেলে পাঠানো হয়েছিল, ধনী পরিবারের ইংরেজি প্রীতির নিন্দা জানান। অধ্যাপক চৌধুরী হীনম্মন্যতা থেকে এই প্রবণতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন।
ব্লাড তাঁর ওই বার্তাটির কোনো অংশকে গোপনীয় হিসেবে চিহ্নিত করেননি। তিনি তাঁর বার্তা শেষে মন্তব্য করেন, সরকার বুদ্ধিমত্তার সঙ্গে এবারের ভাষা দিবসের কর্মসূচি পালনে কোনো হস্তক্ষেপ করেনি।
গত সপ্তাহে পূর্ব পাকিস্তানের সরকার ছাত্রদের দীর্ঘকালের দাবি মেনে শহীদ স্মৃতিসৌধ পরিকল্পনার কথা ঘোষণা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান নুরুল হুদা মার্কিন কনসালকে (ব্লাড) বলেছেন, ‘তিনি এটা দেখে খুবই সন্তুষ্ট যে বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র রাজনীতি থেকে দূরে থাকে, তারাও শহীদ দিবসের মিছিলে যোগ দিয়েছে।’ এরপর ব্লাডের মন্তব্য: ‘রমজানের বন্ধের মধ্যেও সারা দেশে ব্যাপকভিত্তিতে শহীদ দিবস পালনের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সক্রিয়তার সাক্ষ্য বহন করে। শহীদ দিবসটি শান্তিপূর্ণভাবে কেটে গেল, তার কারণ হয়তো ছাত্ররা জানত কর্তৃপক্ষ ঝামেলা পাকাবে। তাছাড়া ১ মার্চে সংবিধান ঘোষণা এবং ১২ মার্চে স্কুল খোলার আগ পর্যন্ত তারা ধৈর্য ধারণকেই উত্তম মনে করেছে।’