ব্লাস্টে আক্রান্ত ধানখেত রক্ষায় চার দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ব্লাস্ট রোগে আক্রান্ত ধানখেত রক্ষায় জেলা প্রশাসককে গতকাল সোমবার স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতির জেলা শাখা। এতে জরুরি ভিত্তিতে কৃষকদের বিনা মূল্যে ওষুধ সরবরাহসহ চার দফা দাবি জানানো হয়েছে।
জাতীয় কৃষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে গতকাল দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক হুমায়ুন কবীর স্মারকলিপি পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কৃষক সমিতির চার দফা হচ্ছে—ব্লাস্ট রোগ প্রতিরোধের জন্য জরুরি ভিত্তিতে কৃষকদের মধ্যে বিনা মূল্যে ওষুধ সরবরাহ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এ রোগ দমনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা, অতিদ্রুত কৃষকের ক্ষতি নিরূপণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া ও কৃষকেরা যাতে দ্বিতীয় ব্লক করে ধান উৎপাদন করতে পারেন, সে সহায়তা দেওয়া।
স্মারকলিপিতে বলা হয়, বিশেষ করে কেশবপুর ও মনিরামপুর উপজেলার বোরো খেতে হঠাৎ ব্লাস্টের আক্রমণ দেখা দিয়েছে। শত শত একর জমির পাকা ধান ইতিমধ্যে নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পথে রয়েছে আধা পাকা কয়েক শ একর জমির ধান। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা সময়মতো পদক্ষেপ নিলে কৃষকের এ ক্ষতি হতো না।
স্মারকলিপিতে জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি আবু বকর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসভাপতি শাহাবুদ্দিন বাটুল ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেনের সই রয়েছে।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কাজী হাবিবুর রহমান বলেন, এ বছর জেলায় ১ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ১৩২ হেক্টর ধানখেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে। ধানখেতে ছত্রাকনাশক ছিটানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। সচেতনতা বাড়ানোর জন্য মসজিদে জুমার নামাজের সময় এ বিষয়ে বলা হচ্ছে। কৃষকদের মধ্যে প্রচারপত্রও বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, ‘স্মারকলিপি দেওয়ার পর জেলা প্রশাসক মহোদয় আমার সঙ্গে কথা বলেছেন। আমাদের পদক্ষেপের বিষয়ে তাঁকে অবহিত করেছি।’