ব্লিটজ সম্পাদকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার রায় ৯ জানুয়ারি
ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় ৯ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই তারিখ ধার্য করেন। গতকাল এই মামলায় উচ্চ আদালতের আদেশ দাখিল করার জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষ তা করতে না পারায় আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।
শোয়েব চৌধুরীর আইনজীবী মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও কয়েকজন সাক্ষীকে আবার জেরার জন্য আবেদন করা হলে বিচারিক আদালত তা নাকচ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়েছিল। গতকাল রিভিশনের আদেশ দাখিল করতে না পারায় আদালত রায়ের এ তারিখ ধার্য করেন।
আসামি শোয়েব চৌধুরীকে গতকাল আদালতে হাজির করা হয়। তিনি অন্য মামলায় কারাগারে আটক আছেন। মামলাটির বিচারকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
২০০৪ সালের ২৪ জানুয়ারি বিমানবন্দর থানায় দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, ২০০৩ সালের ২৯ নভেম্বর অভিযুক্ত আসামি ইসরায়েল যাওয়ার উদ্দেশে তখনকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে অভিবাসন পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ‘এডুকেশন টুওয়ার্ডস কালচার অব পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি ভাষণের কপি উদ্ধার করা হয়। ওই ভাষণে বাংলাদেশে আল-কায়েদাসহ ইসলামি জঙ্গি সংগঠনের কথিত তৎপরতার কথা উল্লেখ করা হয়।