প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় দুটি ধারায় সাপ্তাহিক ব্লিৎস পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে চার বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তাঁর স্ত্রী শাহনাজ চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মোল্যা সাইফুল আলম গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে সালাউদ্দিন চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে মামলার বাদী আদালতে হাজির ছিলেন না। আদালত চার বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সালাউদ্দিন চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
আদালত সূত্র জানায়, ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ২৯ অক্টোবর আদালতে সালাউদ্দিন শোয়েব চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বেসরকারি সংস্থা বাংলাদেশ সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, সালাউদ্দিন চৌধুরীর স্ত্রী শাহনাজ চৌধুরীর সঙ্গে বাদী সাজ্জাদ ‘শাইন ট্রেড’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। চুক্তি অনুযায়ী বাদী ও শাহনাজ চৌধুরীর ৭০ লাখ টাকা করে বিনিয়োগ করার কথা। সে মোতাবেক বাদী তাঁদের যৌথ অ্যাকাউন্টে ৭০ লাখ টাকা জমা করেন। কিন্তু শাহনাজ চৌধুরী টাকা জমা দেননি। সালাউদ্দিন চৌধুরী ও তাঁর স্ত্রীর যোগসাজশে ২০১২ সালের ১২ মে পে-অর্ডারের মাধ্যমে ৯ লাখ এবং ১৩ মে ৬০ লাখ টাকা তুলে নেন। বাদী বিষয়টি জানতে পেরে টাকা ফেরত চাইলে আসামিরা তা না দিয়ে ঘোরাতে থাকেন।
প্রসঙ্গত, একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৯ জানুয়ারি সালাউদ্দিন চৌধুরীর সাত বছরের কারাদণ্ড হয়। ওই মামলায় তিনি জামিনে থাকলেও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে ছিলেন।