ব্লু পদক পেলেন ৪৮ জন
খেলাধুলায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ৪৮ জন সাবেক শিক্ষার্থীকে ‘ব্লু’ পদক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কৃতী খেলোয়াড়দের এই পদক দেওয়া হয়। পদকপ্রাপ্ত খেলোয়াড়েরা ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পদকপ্রাপ্ত খেলোয়াড়েরা হলেন ফুটবলে এস এম জাকারিয়া, মাসুদ রানা, ফিরোজ মাহামুদ হোসেন টিটু, মনোয়ার হোসেন, উজ্জ্বল চক্রবর্তী, শাহানুর রহমান ও জালাল উদ্দিন; ক্রিকেটে দেবাশীষ কুমার বর, খন্দকার মোশাররফ হোসেন, শাহরিয়ার নাফীস আহমেদ ও জহুরুল ইসলাম অমি; হকিতে আশিকুজ্জামান, তাবিব-এ-নুর, রাহুল কান্তি রায়, হেদায়েতুল ইসলাম, তৌফিকুল ইসলাম, মোহাম্মদ আলী ভূঁইয়া, মওদুদুর রহমান ও আশিফুর রহমান চৌধুরী; অ্যাথলেটিকসে হাসান মাহমুদ শাহরিয়ার, শরিফুল আলম, শাহাদাৎ হোসাইন, রকিব দোজা আকন্দ, হাবিবুর রহমান ও রাসেল মিয়া; ভলিবলে জেসমিন খান ও মাহমুদা খান; হ্যান্ডবলে তাসনুভা হক, নুসরাত শারমীন, শামীমা রিফাত, মীর আসিবুল হাসান, সায়মা মাহমুদা, ফারজানা আক্তার ভূঁইয়া, সেলিনা আক্তার ও আশরাফুন নাহার ডায়না; টেবিল টেনিসে গৌতম কুমার দাস, ফারহানা পারভীন টুম্পা ও মৌমিতা আলম; ব্যাডমিন্টনে রইছ উদ্দিন, আফসানা ফেরদৌস ও রুজমিলা হক; বাস্কেট বলে মোহাম্মদ আলী ইমরান, ইভান্স রোজারিও, বিপ্লব বড়ুয়া ও এমদাদুল হক এবং সাঁতারে আবদুল হালিম, বিষ্ণুপদ ঘোষ ও নিবেদিতা দাস।
খেলোয়াড়দের একটি করে ব্লু-ব্লেজার (নীল রঙের ব্লেজার) ও সনদ দেওয়া হয়।
পদক পেয়ে বর্তমানে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহরিয়ার নাফীস আহমেদ বলেন, ‘১৫ বছরের বিরতিতে ব্লু প্রদান করা হলেও আমরা আনন্দিত। সবাই ব্লু পায় না। এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য সর্বোচ্চ সম্মান। ব্লু নিয়মিত দেওয়া হলে শিক্ষার্থীরা খেলাধুলায় আগ্রহী হবে।’ ভালো মানের খেলোয়াড়দের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক খেলোয়াড়দের সনদ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মূলত লেখাপড়া, গবেষণা ও জ্ঞান অর্জনের জায়গা হলেও একজন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। তা না হলে জ্ঞানার্জন সম্পূর্ণ হবে না।
প্রতিবছর কৃতী খোলোয়াড়দের ব্লু পদক দেওয়ার কথা। এবার ১৫ বছর পর এই পদক দেওয়া হলো। সর্বশেষ ১৯৯৯ সালে ব্লু পদক দেওয়া হয়েছিল।