ব্লেকের কথায় বাংলাদেশ চলে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘ব্লেক সাহেবের (দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক) কথায় বাংলাদেশ চলে না। ব্লেক সাহেবদের কথায় যদি বাংলাদেশ চলত তবে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ চলে বাংলাদেশের কথায়। বাংলাদেশের জনগণের কথায়।’গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সমঝোতার প্রয়োজনীয়তা নিয়ে রবার্ট ব্লেকের মন্তব্যের বিষয়ে মতামত জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। টিএসসিতে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়। নানা বয়সী প্রাক্তন শিক্ষার্থীদের এই অনুষ্ঠান ঘিরে টিএসসি ছিল উৎসবমুখর।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিষয়ে দুই নেত্রীর সমঝোতার বিষয়ে ব্লেকের বক্তব্যের সূত্র ধরে রেলমন্ত্রী বলেন, ‘সংলাপ তো আর শর্ত দিয়ে হয় না। বিএনপি যদি আগেই শর্ত দেয়, তাহলে তারা সংলাপ চায় না। তারা চায়, তাদের দাবি জবরদস্তি করে পাস করতে।’ তিনি বিএনপির গ্রহণযোগ্য ফর্মুলা থাকলে তা সংসদে নিয়ে আসার আহ্বান জানান।রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একদিন আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল। ক্রিকেটে যেমন রানার দিয়ে খেলা যায়, পরীক্ষায় যেমন নকল করা যায়—আন্দোলনে এসব চলে না। আওয়ামী লীগ আওয়ামী লীগের ধারায়ই আন্দোলন করবে। তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রে সুন্দর, আন্দোলনে নয়।এ জট কীভাবে খুলবে—এমন প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, ‘কোনো জট নাই। তার পরও যদি তাদের কোনো কথা থাকে, তাহলে বলেছি গণতন্ত্রের স্বার্থে আলোচনা হবে। নেত্রী বলেছেন, আমরা সংবিধান সংশোধন করতে রাজি আছি, তাঁরা কি করতে রাজি আছেন?’পুনর্মিলনী উপলক্ষে জগন্নাথ হলের সাবেক ছাত্রদের পদচারণে মুখর হয়ে ওঠে টিএসসির চত্বর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাঁদের উপস্থিতি। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে তাঁরা মেতে ওঠেন স্মৃতিচারণায়। ছাত্র ও হল-জীবনের অনেক ঘটনা তাঁরা তুলে আনেন স্মৃতি থেকে। সবুজ চত্বরে টানানো শামিয়ানার নিচে চলে গান, আড্ডা, গল্প। চলে আলোচনা।আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কানুতোষ মজুমদার। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস প্রমুখ।