ব্লেড দিয়ে গৃহবধূকে ক্ষত বিক্ষত
নওগাঁর মান্দা উপজেলার চকদেবীরাম গ্রামে জরিনা খাতুন (১৮) নামের এক গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। যৌতুকের দাবিতে গত বৃহস্পতিবার রাতে গৃহবধূর শাশুড়ি ও ননদ এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরিনা জানান, প্রতিবেশী গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ রানার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসুদ ঢাকায় আনসার ব্যাটালিয়নে চাকরি করেন। প্রায় তিন মাস আগে ঢাকায় একটি কাজি অফিসে তিন লাখ টাকা মোহরানায় তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোহরানার সমপরিমাণ টাকা যৌতুক দাবি করে শাশুড়ি জাহানারা বিবি ও ননদ রেবা আক্তার তাঁর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় শাশুড়ি ও ননদ গামছা ও কাপড় দিয়ে তাঁর হাত-পা ও মুখ বেঁধে ফেলেন। পরে তাঁরা ব্লেড দিয়ে তাঁর দুই হাত ক্ষতবিক্ষত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসী গতকাল সকালে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হোসেন জানান, গিয়াসের পরিবারের সব সদস্য বর্তমানে পলাতক।