ব্লেড ধরিয়ে দিয়ে শিক্ষিকা বললেন, হাত-পা কাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসায় অঙ্ক করতে দেওয়া হয়েছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের। তারা তা করেনি। এতে ক্ষুব্ধ হয়ে ৪৮ শিক্ষার্থীর হাতে ব্লেড ধরিয়ে দেন শিক্ষিকা৷ এরপর নির্দেশ দেন, নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করতে। কোমলমতি শিশুরা বাধ্য হয়ে নিজেদের হাত-পা কেটে করল রক্তাক্ত।
সুনামগঞ্জ শহরতলির ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে গত বুধবার। এলাকার শতাধিক অভিভাবক গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি তাঁদের সঙ্গে জরুরি বৈঠক করে পরিস্থিতি শান্ত করে। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী মঙ্গলবার অিভযুক্ত শিক্ষিকার সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷
গতকাল বেলা ১১টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দোতলার একটি কক্ষে ক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে বৈঠক করছে পরিচালনা কমিটি। কিন্তু যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই সহকারী শিক্ষিকা দীপা দাস স্কুলে আসেননি। এরপর প্রধান শিক্ষক এ প্রতিবেদককে নিয়ে গেলেন পঞ্চম শ্রেণির ক্লাসে। তিনি শিক্ষার্থীদের মধ্যে যারা ব্লেড দিয়ে নিজেদের হাত-পা কেটে রক্তাক্ত করেছে তাদের দাঁড়াতে বললেন। সঙ্গে সঙ্গে ২০ থেকে ২৫ জন ছেলেমেয়ে দাঁড়িয়ে গেল। তারা তাদের হাত, পা, পায়ের পাতা, হাতের আঙুল ও নখে ছোট ছোট কাটার চিহ্ন দেখায়। কারও কারও গায়ে একাধিক কাটার দাগও রয়েছে।
শিক্ষার্থীরা জানায়, বুধবার বিকেলে শিক্ষিকা দীপা দাস ক্লাসে এসে জানতে চান, বাসায় করার জন্য যে ৩০টি অঙ্ক দেওয়া হয়েছিল সেগুলো সবাই করেছে কি না? এ সময় অধিকাংশ শিক্ষার্থী ‘না’ বলে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তিনি এক শিক্ষার্থীকে পার্শ্ববর্তী বাজারের সেলুন থেকে তাঁর কথা বলে পরিত্যক্ত ব্লেডের টুকরা নিয়ে আসতে বলেন। ওই শিক্ষার্থী গিয়ে ৪৮টি ব্লেডের টুকরা নিয়ে আসে। পরে সেগুলো ৪৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দিয়ে নিজেদের হাত-পা রক্তাক্ত করতে বলেন শিক্ষিকা। পরে বাধ্য হয়ে তারা এই কাজ করে। ক্লাসে মোট ৫২ জন উপস্থিত থাকলেও ব্লেডের টুকরো কম হওয়ায় চারজন রক্ষা পায়৷
ঘটনাটি গ্রামে জানাজানি হলে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, দীপা দাস ওই বিদ্যালয়ে ২২ বছর ধরে শিক্ষকতা করছেন। কেন তিনি শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করলেন তা কেউ বুঝতে পারছেন না।
প্রধান শিক্ষক শামসুল আলম ঘটনার সময় শহরে একটি বৈঠকে ছিলেন। তিনি বলেন, ‘ঘটনা ঘটেছে, এটা অস্বীকার করছি না। ওই শিক্ষিকা বয়স্ক মানুষ। দীর্ঘদিন ধরে এখানে আছেন। তাই সবাইকে নিয়ে বিষয়টির একটা সুষ্ঠু সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন জানান, অভিভাবকসহ সবাইকে নিয়ে বসে ঘটনাটির একটা মীমাংসা করা হয়েছে।
শিক্ষিকা দীপা দাসের বাসায় গিয়ে তাঁকে পাওয়া যায়নি৷ তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়৷ তবে তাঁর স্বামী স্বপন দাস জানান, তাঁর স্ত্রী অসুস্থ৷ তাঁর হৃদ্যন্ত্র ও কিডনিতে সম্প্রতি সমস্যা ধরা পড়েছে৷ চিকিৎসার জন্য তাঁকে সিলেটে পাঠানো হয়েছে।