ব্লেডের পোঁচ দিয়ে স্কুলছাত্রকে জখম
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রকে ব্লেডের পোঁচ দিয়ে জখম করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ইউনিয়নের সুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লৌহজং থানায় মামলা হয়েছে।
পুলিশ ও ছাত্রের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার রাতে বাড়িতে পড়ার সময় টেবিল থেকে শামীম নামের ওই ছাত্রকে এলাকার অনিক নামের একজন ডেকে নিয়ে যায়। বাড়ির পাশের দোকানে আগেই অবস্থান নেয় সোহাগ মাঝি ও রবিন মাঝি নামের আরও দুজন। অনিক শামীমের পাঁজরে ও বাঁ হাতে ধারালো ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে। শামীমের দু হাত ধরে রাখে সোহাগ ও রবিন। এ সময় শামীমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ সময় শামীমকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শামিমের ভাই খোকন বলেন, ‘কয়েক দিন আগে বাজার থেকে শামীম এক জোড়া কবুতর কিনে আনে। এর মধ্যে একটি মারা যায়। অন্যটি রবিন চুরি করে নিয়ে যায়। বিষয়টি আমি রবিনের বাবা টুকু মাঝিকে জানাই। তবে টুকু মাঝি উল্টো শামীমকে গালিগালাজ করেন। পরে রবিন ও সোহাগ এই ঘটনাটি ঘটায়।’
টুকু মাঝি বলেন, ‘ঘটনাটি শুনেছি। আমার ছেলে জড়িত থাকলে তার বিচার হবে।’