ব্ল্যাকমেইলের অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৭
রাজধানীতে অপহরণ ও ব্ল্যাকমেইল করে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত শুক্রবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সোনাই বেগম, লাভলী আক্তার, শাহনাজ আক্তার, জহিরুল ইসলাম, মুসা কালাম, নাজমুল ইসলাম ও আবদুল হাই।র্যাব-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, ১৩ অক্টোবর দুপুরে ব্যবসায়ী নুরুজ্জামানের পূর্বপরিচিত এক নারী ফোনে তাঁর অবস্থান নিশ্চিত হন। এর কিছুক্ষণ পর একটি মাইক্রোবাসে চার-পাঁচজন সন্ত্রাসী এসে অস্ত্রের মুখে ওই মাইক্রোবাসে তাঁকে উঠিয়ে আদাবর থানার মনসুরাবাদের একটি বাসায় নিয়ে যায়। তাঁকে আটকে রেখে এক মেয়ের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থায় ভিডিওচিত্র ধারণ করে। অপহরণকারীরা তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়া হলে এই ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে ব্যবসায়ী নুরুজ্জামান পাঁচ লাখ টাকা দিতে রাজি হলে তাঁর সঙ্গে ওই মেয়েটির সম্পর্ক আছে এমন মুচলেকায় ও অপর একটি সাদা কাগজে সই নিয়ে টাকা আনার জন্য ছেড়ে দেয়। ছাড়া পেয়ে নুরুজ্জামান র্যাব-২ কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করেন। এরপর র্যাব অভিযানে নামে।