বিশ্বসাহিত্য কেন্দ্রে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলন
বড় আকারের গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের দাবি
রেন্টাল পাওয়ারের চুক্তি বাতিল করে রাষ্ট্রীয় বিদ্যুৎ প্রকল্প চালু, মেরামত ও নবায়নের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। তারা বড় আকারের গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এতে শেভরন ও নাইকোর কাছে সরকারের পাওনা ৫০ হাজার কোটি টাকা আদায়ের পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
‘সুন্দরবন, খনিজ সম্পদ ও বিদ্যুৎ খাত: সরকারের তৎপরতা ও বাজেট’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার সুন্দরবন ধ্বংস করতে ভারতীয় কোম্পানির মাধ্যমে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ করছে। নিরাপত্তার বিষয় বিবেচনায় না নিয়ে এবং পরিবেশগত সমীক্ষা না চালিয়ে রাশিয়ার মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ চালিয়ে যাচ্ছে। পিএসসি ২০১২ সংশোধন করে সুবিধা বাড়িয়ে বঙ্গোপসাগরের গ্যাস বিদেশিদের হাতে তুলে দিতে চুক্তি করছে।
বক্তারা বলেন, সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ছে। একই সঙ্গে ভর্তুকির বোঝাও বাড়ছে। বিদ্যুৎ খাতে বরাদ্দের ৭৬ শতাংশ চলে যায় কুইক রেন্টাল খাতে।
সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করে জাতীয় কমিটির সাত দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি ওঠে একটি জ্বালানি নীতি প্রণয়নের৷
দাবি আদায়ে জাতীয় কমিটির পক্ষ থেকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, ২ জুন ফুলবাড়ীতে প্রতিবাদ সভা, সুন্দরবন রক্ষায় ৩ ও ৪ জুন খুলনা ও বাগেরহাটে অবস্থান কর্মসূচি, ১৪ জুন মাগুরছড়া দিবস পালন, ২১ জুন সুন্দরবন রক্ষায় খুলনায় বিভাগীয় সম্মেলন, জুলাই-আগস্টে দেশব্যাপী সফর, ১৮ থেকে ২০ আগস্ট খুলনা থেকে সুন্দরবনে সাংস্কৃতিক অভিযাত্রা, ২৬ আগস্ট দেশব্যাপী ফুলবাড়ী দিবস পালন এবং ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। এ ছাড়াও বক্তব্য দেন কমিটির নেতা ম. ইনামুল হক, তানজিম আহমেদ খান, মোশাহিদা সুলতানা, রুহিন হোসেন, রাজেকুজ্জামান রতন প্রমুখ।