বড় উন্নয়ন প্রকল্পে দুদকের প্রতিনিধি রাখার চিন্তা
দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি রাখার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে দুদকের কৌশলগত পরিকল্পনা ২০১৬-২০২১ নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে সংস্থাটি।
দুদক চেয়ারম্যান বলেন, বড় বড় উন্নয়ন প্রকল্পে যাতে দুর্নীতি না হয় সে জন্য দুদকের প্রতিনিধি রাখার কথা ভাবা হচ্ছে। এর মাধ্যমে দুদকের প্রতিনিধি ওই প্রকল্প সংশ্লিষ্ট দরপত্র, কাজের প্রক্রিয়া ও প্রকল্পটি সম্পর্কে জনগণের পারসেপশন ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করতে পারে। তিনি বলেন, ‘আমরা চাই দুর্নীতি ঘটার আগেই যাতে রোধ করা যায়। অর্থাৎ, প্রতিরোধের ওপর জোড় দিতে চাই।’
মতবিনিময় সভায় উন্নয়ন সহযোগীদের বক্তব্যে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি সুপারিশ হিসেবে উঠে আসে। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘সরকারের একটি নিয়ম রয়েছে যে, প্রতি তিন বছর পর পর সম্পদের হিসাব দেওয়া। বিষয়টি দুদক পর্যবেক্ষণ করছে। তবে দুদকের একার পক্ষে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব নয়।’
ইকবাল মাহমুদ বলেন, অভিযুক্তদের নিরাপদ গ্রেপ্তার এবং তদন্ত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কমিশনের নিজস্ব সশস্ত্র ইউনিট থাকা প্রয়োজন। এ বিষয়ে কমিশন আইন ও বিধি-বিধান পর্যালোচনা করছে। তিনি বলেন, পুলিশ সব সময় সহযোগিতা করে। তবে পুলিশের এত কাজ যে তারা অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সময় দিতে পারে না। এ জন্য দুদকের নিজস্ব বাহিনী দরকার। তবে এর সঙ্গে আর্থিক ও আইনি বিষয় জড়িত।
দুদক চেয়ারম্যান বলেন,‘আমরা আমাদের সীমাবদ্ধতা, আমাদের লোকবল ও কাজের পরিধি সম্পর্কে অবগত আছি। আমরা জানি, আমাদের সীমাবদ্ধতা কোথায়। এ জন্য চাচ্ছি দুদকের সব কর্মকাণ্ডে সরকার ও জনগণকে সম্পৃক্ত করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে। আমরা চাই আমাদের সিস্টেম পরিবর্তন করতে। যখন সিস্টেম কাজ না করে তখনই দুর্নীতি হয়।’
এ মতবিনিময় সভায় কমিশনের পক্ষে স্বাগত বক্তব্য দেন কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মহাপরিচালক মো. শামসুল আরেফিন।
কমিশনার নাসিরউদ্দীন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এ দেশীয় প্রতিনিধি কাজুহিকো হিগুচি, এডিবির প্রতিনিধি ফিরোজ আহমেদ, অস্ট্রেলিয়ার হাইকমিশনের প্রথম সচিব টম নেটলোটন, জার্মান দাতা সংস্থা জিআইজেডের ‘রুল অব ল’ কর্মসূচির প্রধান প্রমিতা সেনগুপ্ত, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধি হাসিনা বেগম, বিশ্বব্যাংকের প্রতিনিধি সাঈদ খালেদ আহসান প্রমুখ।