শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দেশকে বদলে দেওয়া যাবে না। তাই নারীদের এগিয়ে আসতে হবে, আর পুরুষদের নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তিনি আরও বলেন, পৃথিবী এগিয়ে যাচ্ছে, তাই পুরাতনকে আঁকড়ে বসে থাকলে চলবে না। বড় কাজের চ্যালেঞ্জ নিয়ে দিনবদলের সঙ্গী হতে হবে। গতকাল রোববার সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুরে বাহাদুরপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে সেখানে আয়োজিত সুধী সমাবেশে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। লাউতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ জলিলের সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্রবর্তী, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রুস্তম আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাছিব প্রমুখ। এই সুধী সমাবেশের একপর্যায়ে ইউপি চেয়ারম্যান এম এ জলিল আওয়ামী লীগে যোগ দেন। দুপুরে শিক্ষামন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।