বড় গাড়ির বড় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের পর গত কয়েক দিনের ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথের কাওড়াকান্দি ফেরিঘাটে কয়েক শ ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে আছে। ভারী ও বড় বলে দিনের পর দিন ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। এ সময় ট্রাকচালকেরা চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
পটুয়াখালী থেকে আসা ট্রাকচালকের সহকারী হেলাল বলেন, ‘আমাগো বড় গাড়ির বড় সমস্যা। সহজেই পার হতে পারতাছি না। প্রায় ছয় দিন ধরে ঘাটে আইসা কোনো রকম না খাইয়া, না নাইয়া আটকে আছি। তার পরে আবার পুলিশ স্যারেরে টাকা দিয়ে সিরিয়াল ঠিক রাখতে হয়।’
কুষ্টিয়া থেকে আসা ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, ‘টানা অবরোধের পর এখন আবার কুয়াশার কারণে রাতে ফেরি চলাচল বন্ধ থাকায় আমরা ঘাটে আটকে আছি। যাত্রীবাহী গাড়ি আগে পার করা হচ্ছে বলে ট্রাকগুলো আটকে পড়ছে। শুধু অপেক্ষাই নয়, দিনের বেলা কোনো রকম কাটলেও রাতে নিরাপত্তাহীনতায় ভুগি। তার ওপরে আবার পুলিশ স্যারেগো চাঁদা দেওয়া লাগে।’
কাওড়াকান্দি ঘাটসূত্র জানায়, টানা অবরোধের পর তিন দিনের ঘন কুয়াশার কারণে প্রায় ২৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে কাওড়াকান্দি ঘাটে পাঁচ শতাধিক ট্রাক আটকে আছে। এতে দুর্ভোগে পড়েছে ট্রাকচালকসহ সহস্রাধিক ট্রাকশ্রমিক। তাঁদের থাকার জায়গা ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রচণ্ড শীতের মধ্যে তাঁরা বিপাকে পড়েছেন। বাড়তি টাকা না থাকায় অনেকেই খাবারের কষ্টেও ভুগছেন। রাতে তাঁরা নিরাপত্তাহীনতায়ও ভুগছেন। এ ছাড়া ঘাট এলাকায় তাঁরা পুলিশের চাঁদাবাজির শিকার হচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যায়।
এ ব্যাপারে বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী বলেন, ‘ঘন কুয়াশার কারণে প্রায় প্রতি রাতেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আমরা সব সময়ই যাত্রীদের ভোগান্তি কমাতে যাত্রীবাহী গাড়ি ও কাঁচামালের ট্রাক আগে পার হওয়ার ব্যবস্থা করি। এ কারণে ঘাটে বেশ কিছু ট্রাক জমে আছে।’ তবে ট্রাকচালকেরা চাঁদাবাজির শিকার হচ্ছেন কি না, এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক পুলিশ বলেন, ‘রাতের বেলা আমরা ট্রাকগুলো পাহারা দিই। এর জন্য তাঁদের কাছ থেকে চাঁদা নিই না, কিছু বকশিশ নিই।’ কাওড়াকান্দি ঘাটের দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পরিদর্শক উত্তম কুমার শর্মা ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের কথা অস্বীকার করেন।