বড় চ্যালেঞ্জ এখন বেঁচে থাকা

সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে প্রায় প্রতিদিন তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। মানবসভ্যতা এখন এক বৈশ্বিক সংকট মোকাবিলা করছে। প্রত্যহ পরিচিত-অপরিচিত মানুষের আকস্মিক মৃত্যু স্তম্ভিত করছে আমাদের। প্রতিনিয়তই আমরা হারাচ্ছি আমাদের প্রিয়জন, অগ্রজ, অনুজ, স্বজন ও বিজ্ঞ প্রবীণদের।
মৃত্যু মানব জীবনের এক অবধারিত পরিণতি। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে?
কিন্তু এমন ভয়ানক মৃত্যু আমরা কেউই প্রত্যাশা করি না৷ এ কেমন মৃত্যু! একবার কল্পনা করুন, আমি বা আপনি অসুস্থ থাকব। স্বজনেরা কেউ আমাদের দেখতে আসতে পারবে না। একা একা চোখের জলে আর্তনাদ করব। এভাবেই হয়তো আমি বা আপনি মারা যাব। দূর থেকে আত্মীয়স্বজন সবাই কাঁদবে, কিন্তু কাছে এসে স্পর্শ করবে না। হয়তো শেষ বিদায় জানাতে পুলিশ বা প্রশাসনের মানুষই পাশে থাকবে।
জানাজা বা মুখাগ্নি করতে নিকট আত্মীয়স্বজন পাশে থাকবে না৷ আবার অনেক সময় দেখা যাচ্ছে, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের প্রান্তে ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে বা অ্যাম্বুলেন্সেই মৃত্যুর শরণাপন্ন হতে হচ্ছে। চারদিকে মৃত্যুর মিছিল ঘনিয়ে আসছে, বাড়ছে বেঁচে থাকার হাজারো প্রচেষ্টা। ঘুমাতে যাওয়ার আগে প্রায় সবার মনে একটাই জিজ্ঞাসা, আগামীকাল আমি থাকব তো ? জীবনকে বাঁচানো এই সময়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ!

করোনার এই কঠিন সময়ে নিজের জীবনকে বিপন্নকে করে যাঁরা দেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, লড়াইয়ের ময়দানে দিনরাত এক করে যুদ্ধ করে চলেছেন, দেশের চিকিৎসক, নার্স, পুলিশ-র্যাব,গণমাধ্যমকর্মী, ব্যাংকার, শ্রমজীবী মানুষসহ অনেকেই। প্রায় প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসছে একের পর এক ডাক্তার, পুলিশ, সাংবাদিক ভাইসহ অনেকের আক্রান্ত ও মৃত্যুর সংবাদ। তবুও পিছপা হননি তাঁরা, দেশ সেবায় নিয়োজিত রয়েছেন।
নিঃসন্দেহে, তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার অন্ত নেই।
এই যুদ্ধে একদিন আমাদের জয় হবেই।
তবে অনেককেই হারাতে হবে তাঁদের প্রিয়জনকে। অতীত পর্যবেক্ষণ করলে দেখা যায়, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সবকিছুই ক্ষণস্থায়ী। আমরা আশাবাদী, আর এই আশাই আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়। হয়তো এই অদৃশ্য শত্রুর সঙ্গে আরও কিছুদিন যুদ্ধ করতে হবে। কত দিন বা কত মাস, জানা নেই।
মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন, ‘Man is not made for defeat. A man can be destroyed but not defeated.’ তাই, আমরা স্বপ্ন দেখি করোনা কাটিয়ে আমাদের প্রিয় পৃথিবী আবারও হাসবে, আমরা আবার গান গাইব, আড্ডা দেব, ঘুরব, প্রিয়জনের সঙ্গে সময় কাটাব।
কিন্তু এই সময়গুলা আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে, মানসিক স্বাস্থ্য এবং মনোবল স্থির রাখতে হবে, সবার সহযোগিতা ও আত্মসচেতনতাই পারবে এই সংকট জয় করতে।
*শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। [email protected]