বড় ছেলেই দায়ী বলে মনে করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বাংলাদেশি দম্পতি হত্যার ঘটনায় তাঁদের বড় ছেলে হাসিব রাব্বি জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মা-বাবাকে হত্যার সন্দেহে স্থানীয় পুলিশ এই দম্পতির দুই ছেলে হাসিব ও ওমর রাব্বিকে গ্রেপ্তার করেছে। তাঁদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গোলাম রাব্বি (৫৯) ও শামীমা রাব্বির (৫৭) গুলিবিদ্ধ লাশ গত রোববার ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে তাঁদের বাড়িতে পাওয়া যায়। বাড়িতে এ সময় তাঁদের দুই ছেলের কেউই ছিলেন না।
সান হোসে পুলিশ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে বড় ভাই হাসিব এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। স্থানীয় আদলতে দেওয়া পুলিশি বিবরণ অনুযায়ী, ছোট ছেলে ওমর স্বীকার করেছেন, তাঁর ভাই হাসিবই এই হত্যার জন্য দায়ী। এর আগে পুলিশ লাশ দুটির পাশে একটি নোট পায়, যেখানে লেখা ছিল, ‘দুঃখিত, আমার প্রথম খুনটি খুব ভালোভাবে সারা হয়নি’।
আদালতে দেওয়া এক নথিতে সান হোসে পুলিশের সার্জেন্ট প্যাট্রিক গুয়ের জানান, হাসিব দাবি করেছেন কেউ একজন তাঁর বাবাকে হত্যা করতে তাঁকে বাধ্য করেন। বাবাকে লক্ষ্য করে তিনি কয়েকবার গুলি ছোড়েন, তবে মাকে তিনি গুলি করেননি বলে পুলিশকে জানিয়েছেন।
গুয়েরের দেওয়া তথ্য অনুযায়ী, ওমর স্বীকার করেছেন তাঁর ভাই হাসিব মা ও বাবা উভয়কেই হত্যা করেন।