বড় জোয়ার আসায় মুক্ত এমভি ছাত্তার ও অগ্রবাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর ডুবোচরে আটকে পড়া এমভি ছাত্তার খান-১ লঞ্চটি প্রায় ৪২ ঘণ্টা পর আজ রোববার বিকেল পৌনে পাঁচটার দিকে জোয়ারের পানিতে ভেসে উঠেছে। এর আগে জোয়ারের পানি বাড়তে থাকায় দুপুর ১২টার দিকে মুক্ত হয় এমভি ছাত্তারকে উদ্ধার করতে গিয়ে আটকে পড়া জাহাজ ‘অগ্রবাহক’।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর নৌযান দুটি মুক্ত হওয়ার খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এমভি ছাত্তার লঞ্চটি চাঁদপুর নৌ-পুলিশের তত্ত্বাবধানে চাঁদপুর লঞ্চঘাটে এনে রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

চাঁদপুর নৌ-পুলিশের ইনচার্জ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এমভি ছাত্তার লঞ্চটি ও লঞ্চের কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের নজরদারিতে রয়েছেন। তাঁদের নজরদারি করতে চাঁদপুর ও আলুর বাজার নৌ-পুলিশের ১২ জন সদস্যকে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

গত শুক্রবার রাত ১১টার দিকে হাইমচরের ডুবোচরে প্রায় ৮০০ যাত্রী নিয়ে আটকে যায় এমভি ছাত্তার। স্থানীয় পুলিশের চেষ্টায় প্রায় ১২ ঘণ্টা পর ওই লঞ্চের যাত্রীদের উদ্ধার করা হয়। আটকে থাকা ছাত্তারকে উদ্ধার করার জন্য গতকাল শনিবার বিকেলে অগ্রবাহক নামের একটি জাহাজ পাঠানো হয়। কিন্তু সেটিও ডুবোচরে আটকে যায়। জোয়ারের পানি বাড়ার সঙ্গে সঙ্গে আজ দুপুরে মুক্ত হয় অগ্রবাহক।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মোবারক হোসেন বলেন, ‘শনিবার বিকেলে উদ্ধারবাহী জাহাজ অগ্রবাহককে পাঠানো হয় ছাত্তারকে উদ্ধার করতে। কিন্তু অনেক চেষ্টার পর সেটাও ছাত্তারের সঙ্গে ডুবোচরে আটকে যায়। রোববার সকাল থেকে নতুন করে নৌযান দুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। কিন্তু বড় ধরনের কোনো উদ্ধারযান না থাকায় এটি তখন উদ্ধার করা সম্ভব হয়নি। ড্রেজিং করে, নদীপথ তৈরি করে দুটি নৌযানকে উদ্ধার করার কথা ভেবেছিলাম আমরা। কিন্তু জোয়ারের পানিতে নৌযান দুটি ভেসে উঠায় এখন আর সেটার প্রয়োজন নেই।’

এদিকে অতিরিক্ত যাত্রী বহন, কর্তব্যে অবহেলাসহ এ ঘটনার জন্য দায়ী লঞ্চের সারেং, মাস্টার ও সুকানির বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো মামলা হয়নি।