বড় দল না এলে নির্বাচন অসুন্দর হবে: শাহনেওয়াজ

বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে তা অসুন্দর হবে। কিন্তু তাতে কমিশনের কিছু করার নেই। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন করতে হবে। তাই কমিশন আশা করে, সব দলই নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন।
মো. শাহনেওয়াজ বলেন, কমিশন রাজনৈতিক সমঝোতার কোনো উদ্যোগ নেবে না। রাষ্ট্রপতি সবার মুরব্বি। তিনি চাইলে নিজ উদ্যোগে এ বিষয়ে কিছু একটা করতে পারেন। তিনি আরও জানান, সংসদের অধিবেশনের সময় বাড়ানোর সঙ্গে তফসিলের কোনো সম্পর্ক নেই। কমিশন নিজেদের সুবিধা অনুযায়ী তফসিল ঘোষণা করবে।
খসড়া আচরণবিধির ব্যাপারে জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, আচরণবিধির ব্যাপারে মতামত দিয়ে কোনো রাজনৈতিক দল সুপারিশ পাঠায়নি। বিষয়টি ইতিবাচক। ধরে নেওয়া যায়, কমিশন যে আচরণবিধি প্রস্তাব করেছে, তাতে দলগুলো সন্তুষ্ট। ব্যক্তি পর্যায়ে কিছু সুপারিশ পাওয়া গেছে। কমিশন সেগুলো পর্যালোচনা করে দেখবে।
কমিশন ৩ নভেম্বর রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মতামত গ্রহণের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া অনলাইনে প্রকাশ করে। ৯ নভেম্বর সেই সময়সীমা শেষ হয়।