বড় দলের দখলে নাটকের মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য তিন কুড়িরও বেশি নাট্যদল। মঞ্চগুলোতে কিন্তু নেতৃস্থানীয় কয়েকটি দলেরই দাপট। সদস্যদের অনেকে মঞ্চে অনিয়মিত। তাঁরা মঞ্চ, মহড়াকক্ষ আর কর্মী সংকটের কথা বলছেন।

ঢাকায় নাটক করার মতো মঞ্চ আছে পাঁচটি। এর মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি, বাংলাদেশ মহিলা সমিতির একটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি। নগরে ফেডারেশনভুক্ত নাট্যদল আছে ৬৩টি। গত ১২ মাসে পাঁচ হলের বরাদ্দ তালিকায় এদের ১১টি দলের নাম ওঠেনি। সাতটির নাম আছে মোটে একবার বা দুবার। অর্থাৎ এক-তৃতীয়াংশ সদস্য মঞ্চে একবারেই অনিয়মিত। পক্ষান্তরে নেতৃস্থানীয় দলগুলো মঞ্চ পেয়েছে ১৭ থেকে ২০ দিনের বেশি। বছরজুড়ে বিভিন্ন নাট্যোৎসবসহ মোট ১৫২টি দল হলগুলোর বরাদ্দ তালিকায় ছিল।

শিল্পকলা একাডেমির মঞ্চ তিনটির চাহিদা সবচেয়ে বেশি। একাডেমি নাট্যচর্চার প্রাণকেন্দ্র, ভাড়াও কম। অন্তত ১৫টি নাট্যদল বলছে, এ মঞ্চগুলো পাওয়া যায় না। মতিঝিল থিয়েটার সার্কেলের দলপ্রধান মো. আক্কাস প্রথম আলোকে বলেন, ফেডারেশনের কমিটিতে যাঁরা আছেন, তাঁরা বেশি হল পান। এ নিয়ে ফেডারেশনের নেতাদের সঙ্গে কথা-কাটাকাটিও হয়েছে। সারা বছরে দলটি বরাদ্দ পেয়েছে মাত্র তিন দিন। চন্দ্রকলা থিয়েটারের প্রধান এইচ আর অনিক বলছেন, তাঁরা প্রতি মাসেই আবেদন করেন, কিন্তু পান না।

বছরজুড়ে সর্বোচ্চ ২৬ দিন বরাদ্দ পেয়েছে লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী)। দলটির প্রধান লিয়াকত আলী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক। ২৪ দিন করে বরাদ্দ পেয়ে তালিকায় এরপরেই আছে আরণ্যক নাট্যদল ও থিয়েটার (বেইলি রোড)। এ দুটি নাট্যদলের প্রধানেরা একাধিকবার ফেডারেশনের কমিটিতে ছিলেন। নাগরিক নাট্য সম্প্রদায় ও নাট্যকেন্দ্র মঞ্চ পেয়েছে ২৩ দিন করে। প্রথম দলটির নির্দেশক আতাউর রহমান শিল্পকলার হল বরাদ্দ কমিটির সদস্য। তিনি ফেডারেশনের সাবেক নেতা। আর নাট্যকেন্দ্রের ঝুনা চৌধুরী ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য। অতীতে ফেডারেশনে নেতৃত্ব দেওয়া ঢাকা থিয়েটার হল বরাদ্দ পেয়েছে ২২ দিন। থিয়েটার আর্ট ইউনিট, মহাকাল নাট্য সম্প্রদায়, লোক নাট্যদল (বনানী), প্রাচ্যনাট, নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ ও স্বপ্নদল ২০ দিনের কাছেপিঠে মঞ্চ বরাদ্দ পেয়েছে। দলগুলো ফেডারেশনের কমিটিতে আছে।

কখনো কমিটিতে ছিল না, এমন দু-একটি দলও অবশ্য নিয়মিত হল পেয়েছে। যেমন নাট্যতীর্থ ও প্রাঙ্গণেমোর। আরও আছে চারুনীড়ম থিয়েটার, ম্যাড থেটার ও নাট্যম রেপার্টরি। এরা ফেডারেশনের সদস্যই নয়।

বরাদ্দ কমিটির সদস্য নাট্যজন আতাউর রহমান বলছেন, বড় দলগুলো কেবল নেতৃস্থানীয় বলেই মঞ্চ পায় না। কমিটি মূলত দলের নাট্যচর্চার ঐতিহ্য ও নাটকের মান বিবেচনা করে। তিনি বলেন, ‘যেসব দল পাইওনিয়ার, যেমন ঢাকা থিয়েটার—এটা শিমূল ইউসুফ, সেলিম আল দীনের দল। আমরা তাঁদের প্রায়োরিটি দেব না? নিশ্চয়ই দেব। আমরা থিয়েটারকে দেব না? আবদুল্লাহ আল মামুনের দল।’ তিনি আরও বলেন, অনেক ছোট দল ভালো নাটক নামাতে পারে না। কিন্তু যারা ভালো কাজ করে, তারা বরাদ্দে অগ্রাধিকার পায়।

সাধারণত যেসব নাট্যদলের নামে মিলনায়তন বরাদ্দ দেওয়া হয়, তারাই প্রদর্শনী করে। কদাচিৎ কোনো দল প্রদর্শনী বাতিল করলে আরেকটি দল আবেদন করে প্রদর্শনী করে।

মঞ্চ, দর্শক ও মহড়াকক্ষের সংকট

একসময় বেইলি রোডের মহিলা সমিতির মঞ্চই ছিল নাটক করার একমাত্র জায়গা। সমিতির সূত্র বলছে, মিলনায়তনটি সংস্কারের জন্য ২০১১ থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। খোলার পর হলটির ভাড়া দাঁড়ায় ১০ হাজার টাকা। গত বছর এখানে মাত্র ৩টি নাট্যোৎসব এবং ২৭টি নাট্য প্রদর্শনী হয়েছে।

গত বছর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে সবচেয়ে বেশি নাটক হয়েছে। মঞ্চগুলোর ভাড়া তিন থেকে ছয় হাজার টাকা। হল বরাদ্দ কমিটির সাবেক সদস্য ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান বলছেন, ধারণক্ষমতার তিন গুণ বেশি আবেদন পড়ে। নাটকের মান বাছবিচার করতে হয়। তা ছাড়া এ মঞ্চগুলোয় একাডেমির নিজস্বসহ বিভিন্ন সরকারি এবং বিদেশি দূতাবাসের অনুষ্ঠানের চাপও থাকে।

সিটি করপোরেশনের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনটি পুরান ঢাকার সূত্রাপুরে। কেন্দ্রের সূত্র বলছে, এক নাট্যোৎসবের আটটি প্রদর্শনী ছাড়া গত বছর এখানে ফেডারেশনভুক্ত কোনো দল নাটক করেনি। আট হাজার টাকা ভাড়ার এ মঞ্চটি মূলত স্থানীয় সংগঠন ও দর্শকদের চাহিদা মিটিয়ে থাকে। কয়েকটি ছোট নাট্যদল বলছে, তাদের এলাকার নিজস্ব দর্শক যানজট ঠেলে দূরের মঞ্চে আসতে চায় না। সাত্ত্বিক নাট্যদলের প্রধান সগীর মোস্তফা বলেন, মিরপুর থেকে এসে প্রদর্শনী করার খরচ বেশি পড়ে। তাঁরা বলছেন, অঞ্চলভিত্তিক মঞ্চ গড়ে না উঠলে সংকট মিটবে না। ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান বললেন, তাঁরা বেশ কয়েকটি আঞ্চলিক মঞ্চ চেয়ে দুই সিটি করপোরেশনের কাছে আবেদন করেছেন। উত্তরায় শিল্পকলা একাডেমির একটি মঞ্চের জন্য জমিও বরাদ্দ হয়েছে।

বেশির ভাগ দলেরই নিজস্ব মহড়াকক্ষ নেই। শিল্পকলা একাডেমির সাতটি মহড়াকক্ষের ভাড়া পড়ে দৈনিক ৩৫০ থেকে ৪৬০ টাকা। ইউনিভার্সেল থিয়েটার মহড়ার জন্য মাসে পাঁচ হাজার টাকায় ঘর ভাড়া নিয়েছে। অবয়ব নাট্যদলের প্রধান শহিদুল হক খান বলেন, ‘রিহার্সালের অনুকূল পরিবেশ নাই। আগে অনেক জায়গা ছিল, ক্লাব ছিল, স্কুলে মহড়া করার সুযোগ ছিল। কিন্তু এখন সে সুযোগ নাই বললেই চলে।’

এদিকে ছোট দলের সংগঠকেরা বলছেন, এখন ব্যস্ত নাগরিক জীবনের চাপে থিয়েটারে সময় দেওয়ার মতো কর্মী পাওয়া কঠিন হচ্ছে। অবয়ব নাট্যদলের প্রধান বললেন নারীকর্মীর সংকটের কথা। ইউনিভার্সেল থিয়েটারের সভাপতি আজিজুল পারভেজ বললেন, মঞ্চনাটকে ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে হয়। এখনকার তরুণদের মধ্যে সেই দায়বোধ নেই। অন্তত ১০টি নাট্যদলের সংগঠকেরা আরও বলছেন, অনেক কর্মী টিভি নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সময় দিতে চান না।