আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠেয় জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর পদে লড়তে আগ্রহীরা। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতা মেয়র পদে লড়ার ঘোষণা দিয়ে প্রচারণায় নেমে পড়ায় দলীয় কোন্দল প্রকাশ্যে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। নির্বাচনে লড়ার জন্য অনেকে বেশ আগে থেকে অনানুষ্ঠানিকভাবে প্রচার চালিয়ে আসছেন। তফসিল ঘোষণার পর থেকে তাঁদের গণসংযোগ, আর প্রচারণায় সরগরম হয়ে ওঠে গোটা পৌর এলাকা। প্রচারণায় মিছিল ও শোভাযাত্রার ওপর বিধিনিষেধ থাকলেও প্রথম দিনেই তা ভঙ্গ করে শহরে এসব প্রচারণা চালানো হয়েছে।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির একাধিক নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে শহর দাপিয়ে বেড়াচ্ছেন। তৎপরতা শুরু করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার, জেলা যুবলীগের সহসভাপতি ও ভারপ্রাপ্ত পৌর মেয়র হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর রশীদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুুল বারী ও ছাত্রলীগের সাবেক নেতা বজলুর রশিদ। তৌফিকুল ইসলাম তালুকদার ও হেলাল উদ্দিন মোল্লা শুক্রবার জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া চেয়েছেন। তৌফিকুল ইসলাম তালুকদারের পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে মিছিল বের করা হয়। শুক্রবার তাঁর মালিকানাধীন চাতালে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।বিএনপি থেকে মেয়র পদে প্রচারণায় নেমেছেন প্রয়াত সাবেক মেয়র আফজাল হোসেন তালুকদারের ছোট ভাই ও পৌর বিএনপির সহসভাপতি (সাংসদ গোলাম মোস্তফা সমর্থিত) আনিছুর রহমান তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক (সাংসদ মোজাহার আলী প্রধান সমর্থিত) সাজ্জাদুর রহমান তালুকদার, পৌর কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল করিম এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হক।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বলেন, ‘দলীয় জয় নিশ্চিত করতে একক প্রার্থী দেওয়া হবে। কালাই পৌরসভায় দলীয় একক প্রার্থী মনোনয়নের বিষয়টি জেলা আওয়ামী লীগ চূড়ান্ত করেছে। শিগগিরই নাম ঘোষণা করা হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা বলেন, ‘পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, কিংবা এ নির্বাচনে দলীয় একক প্রার্থী মনোনয়ন দেওয়া হবে কি না, এ ব্যাপারে এখনো দলের উচ্চপর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়নি।’