বড় দুই দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত একজন ও বিএনপির দুজন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর ঢাকা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের একজন করে প্রার্থী।

গতকাল বুধবার ঢাকা–২ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান ও তাঁর ছেলে ইরফান ইবনে আমান, ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ মো. ফেরদৌস খানের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়া গতকাল ঢাকা-২ আসনে কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদের কাছে মনোনয়নপত্র জমা দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা কারি আতাউল্লাহ, জাতীয় পার্টির শাকিল আহমেদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জহিরুল ইসলাম।

গতকাল ঢাকা-৩ আসনে ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সালেহ মো. ফেরদৌস খানের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

এদিকে ঢাকা-৩ আসনে কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিউর রহমানের কাছে গতকাল মনোনয়নপত্র জমা দেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা সুলতান আহমেদ, স্বতন্ত্র প্রার্থী আলী রেজা ও আরিফুর রহমান লিটন। এর আগে গত মঙ্গলবার এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন তাঁর একান্ত সচিব ম ই মামুন।