বড় দুই দলের রাজনীতিতে জনগণের দাবির প্রতিফলন নেই। জনজীবনের সংকট দূর করার পরিবর্তে তাঁরা শুধু পাল্টাপাল্টি ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। গতকাল শনিবার বিকেলে মানিকগঞ্জ শহরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে এ সভার আয়োজন করে সিপিবির মানিকগঞ্জ জেলা শাখা। দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আজহারুল ইসলাম। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, ফজলুর রহমান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাইফুদ্দিন আহমেদ ও ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম।বক্তারা বলেন, বড় দলগুলোর পাল্টাপাল্টি ক্ষমতার লড়াইয়ের রাজনীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দুই দলের রাজনীতিতে জনদাবির প্রতিফলন ঘটে না। তাঁরা বলেন, জনগণের মুক্তির জন্য দ্বিদলীয় ধারার বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। এ জন্য প্রগতিশীল বামশক্তির পতাকাতলে সমবেত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তাঁরা।