বড় দুর্নীতিবাজদের অর্থ পাচার হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে দুর্নীতি কমেছে বলে মনে করেন না সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘বড় দুর্নীতিবাজেরা তাঁদের টাকা বিদেশে পাচার করছেন। চুনোপুঁটিদের অর্থ দেশে ব্যবহার হলেও ওপরওয়ালাদের অর্থ দেশে থাকছে না।’ গতকাল বুধবার জাতীয় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উপলক্ষে দুর্নীতিবিরোধী বিতর্ক ও কার্টুন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক। আসাদুজ্জামান নূর বলেন, যাঁরা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেন, তাঁরা দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি করছেন। সঠিক তদন্ত করে তাঁদের কঠোর শাস্তি দেওয়া উচিত।
সরকারি দপ্তরে যে প্রক্রিয়ায় কাজ হয়, তাতে একটা ফাইল ওপর থেকে নিচে নামতে মাসের মাসের পর মাস লেগে যায়—মন্তব্য করে মন্ত্রী বলেন, কাজের ধীরগতিও একটা দুর্নীতি। তিনি বলেন, ‘শুধু ঘুষ, আর অবৈধ আর্থিক লেনদেন ছাড়াও দুর্নীতি হয়। নিজের কাজ ঠিকভাবে না করাটাও দুর্নীতি।’ দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মামলা-চার্জশিটের চেয়ে প্রতিরোধের বিষয়টি জরুরি। দুর্নীতি যাতে না হয়, সেদিকে মনোযোগ দিতে হবে। রাজনৈতিক দল ও সরকারের সহযোগিতা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয় মন্তব্য করে দুদকের নতুন চেয়ারম্যান বলেন, সবার আন্তরিক সহযোগিতা পেলে দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব।
বিতর্ক প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজ এবং রানারআপ হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানারআপ হয়েছে কিশোরগঞ্জের এস ভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। কার্টুন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে বিজয়ী হয়েছেন ঢাকার মো. শরীফ আহমেদ, যশোরের উর্মি আক্তার ও নেত্রকোনার স্পন্দন বিশ্বাস তীর্থ। ‘খ’ বিভাগে বিজয়ীরা হলেন ঢাকার মো. হাসান মাহমুদ, আশরাফুল ইসলাম ও মো. কারিদুল ইসলাম।