বড় দুর্নীতিবাজরা টাকা পাচার করছেন: নূর

দেশে দুর্নীতি কমেছে বলে মনে করেন না সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলে, বড় দুর্নীতিবাজরা তাদের টাকা বিদেশে পাচার করছেন। ‘চুনোপুঁটি’দের অর্থ দেশে ব্যবহার হলেও ‘ওপরওয়ালাদের’ অর্থ দেশে থাকছে না। আজ বুধবার জাতীয় শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ এর পঞ্চম দিনে দুর্নীতি বিরোধী বিতর্ক ও কার্টুন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে দুদক। অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, বড় দুর্নীতিবাজরা তাদের টাকা বিদেশে পাচার করছেন। ‘চুনোপুঁটি’দের অর্থ দেশে ব্যবহার হলেও ‘ওপরওয়ালাদের’ অর্থ দেশে থাকছে না।
আসাদুজ্জামান নূর বলেন, ওপরের দিকে যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেন তারাই দেশের অর্থনৈতিক অগ্রগতির মারাত্মক ক্ষতি করছেন, তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে কঠোর শাস্তি দেওয়া উচিত। সরকারি দপ্তরে যে প্রক্রিয়ায় কাজ হয় তাতে একটা ফাইল ওপর থেকে নিচে নামতে মাসের মাসের পর মাস লেগে যায় মন্তব্য করে মন্ত্রী বলেন, কাজের এ ধীর গতিও একটা দুর্নীতি। তিনি বলেন, ‘শুধু ঘুষ, আর অবৈধ আর্থিক লেনদেন ছাড়াও দুর্নীতি হয়। নিজের কাজ ঠিকভাবে না করাটাও দুর্নীতি।’
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মামলা-চার্জশিটের চাইতে প্রতিরোধের বিষয়টি জরুরি। দুর্নীতি যাতে না হয় সেদিকে মনোযোগ দিতে হবে। রাজনৈতিক দল ও সরকারের সহযোগিতা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয় মন্তব্য করে দুদকের নতুন চেয়ারম্যান বলেন, সবার আন্তরিক সহযোগিতায় দুর্নীতি অনেকাংশে কমানো সম্ভব।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) শামছুল আরেফিন, বিতার্কিক সাদিয়া আফরিন মৌমি, কার্টুনিস্ট শরীফ আহমেদসহ প্রতিযোগিতার মেন্টর ও বিচারকেরা।
অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী বিতর্ক ও কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজ এবং রানারআপ হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে খুলনার সরকারি কারোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানারআপ হয়েছে কিশোরগঞ্জের এস ভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কার্টুন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার মো. শরীফ আহমেদ, দ্বিতীয় যশোরের অভয়নগরের উর্মি আক্তার ও তৃতীয় হয়েছেন নেত্রকোনার উকিল পাড়ার স্পন্দন বিশ্বাস তীর্থ। ‘খ’ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার মধুবাগের মো. হাসান মাহমুদ, দ্বিতীয় ঢাকার উত্তর কাফরুলের আশরাফুল ইসলাম ও তৃতীয় হয়েছেন ঢাকার গুলশানের মো. কারিদুল ইসলাম।