চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা পানি শোধনাগার এলাকায় একটি তেলবাহী ট্রেনের ধাক্কায় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে দুই ছাত্র সামান্য আহত হলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাসটি। গতকাল রোববার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের মোহরা এলাকার এই লেভেল ক্রসিংয়ে কোনো ফটক ও দারোয়ান নেই। ফলে এই পথ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্কুল ও পোশাক কারখানার বাস এবং অন্যান্য যানবাহন চলাচল করে। ফটক ও দারোয়ান না থাকায় গতকালের দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। দুর্ঘটনাকবলিত বাসটি একই এলাকার এ কে খান ইউসেফ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীদের ছুটি শেষে বাসায় পৌঁছে দিচ্ছিল। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। পুলিশ বাসটি ক্রেন দিয়ে উদ্ধার করেছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিক বলেন, ‘গেট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এখানে একটি গেট খুব জরুরি।’