বড় পরিসরে রংপুরে বিভাগীয় বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল শুক্রবার থেকে ১০ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হয়েছে। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মেলা চলবে ১১ মে পর্যন্ত। মেলায় ঢাকার ৬৪টি প্রকাশনী তাদের স্টল দিয়েছে। এবারই প্রথম বড় পরিসরে এমন মেলার আয়োজন করা হলো।
নান্দনিক শোভাবর্ধনে নতুন রূপে সেজেছে মেলা প্রাঙ্গণ। প্রথম দিনেই বইপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সের মানুষের উপস্থিতি ছিল মেলায়। প্রথম দিন বিক্রিও কম ছিল না। বিকেলের দিকে মেলায় রংপুরের কবি-সাহিত্যিকেরা ছুটে এসেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন।
বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। তবে শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মুহামঞ্চদ দিলোয়ার বখতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক অসীম সাহা, জেলা প্রশাসক ফরিদ আহামঞ্চদ প্রমুখ। উদ্বোধনের আগে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে মন্ত্রীকে বরণ করেন।
প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থেকে আর জিপিএ-৫ পেয়ে ভালো ফল করলে শিক্ষা অর্জিত হয় না। প্রকৃত শিক্ষা অর্জন করতে গেলে পাঠ্যপুস্তকের বাইরে বেশি করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।
আসাদুজ্জামান নূর নিজের এলাকা বলে কিছু স্মৃতিচারণা করে বলেন, ‘এই কারমাইকেল কলেজে আমি সাইকেলে চড়ে, আবার কখনো হেঁটে এসে ক্লাস করতাম। এই শহর এখন আর সেই শহর নেই। মানুষ বেড়েছে। কিন্তু সে হারে কি সংস্কৃতিচর্চা বেড়েছে? এই শহরের পাড়া-মহল্লায় সেই সময় রাস্তায় হেঁটে গেলে প্রায় বাড়ি থেকে হারমোনিয়ামের শব্দ ভেসে আসত। এখন সেটি তেমন আর শোনা যায় না। অনেক গুণ কমে গেছে। সংস্কৃতিচর্চায় আমাদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে। মানুষকে জাগিয়ে তুলতে হবে।’
মেলায় বই কিনতে আসা কারমাইকেল কলেজের শিক্ষার্থী প্রিয়াংকা ঘোষ বলেন, ‘নতুন বইয়ের গন্ধই আলাদা। লোভ সামলাতে পারলাম না বলে বইও কিনেছি।’
লেখক ও নাট্যকার শাহাজাদা মিয়া আজাদ কয়েকটি বই কিনেছেন। তিনি বলেন, এত বড় বইমেলার আয়োজন দেখে মনটা ভরে গেল। তরুণ প্রজন্ম এই মেলা থেকে নতুন নতুন বই কিনতে পারবে।