বড় প্রকল্প নিয়ে আলোচনায় রামপাল ও রূপপুরই প্রসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের গৃহীত বড় প্রকল্পগুলো নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনা কার্যত রামপাল কয়লাভিত্তিক ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সীমাবদ্ধ হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার সিরডাপ মিলনায়তনে ইংরেজি পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার এই আলোচনার আয়োজন করে।

পেট্রোবাংলার সাবেক পরিচালক খোন্দকার সালেক সুফি এ আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন। এরপর নির্ধারিত ও অনির্ধারিত অধিকাংশ বক্তাই রামপাল ও রূপপুর প্রকল্পের পক্ষে-বিপক্ষে নানা যুক্তি উপস্থাপন করে বক্তব্য দেন।

এর পরিপ্রেক্ষিতে আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গণমাধ্যমে হেডলাইন তৈরির জন্য অনেকে সত্য-মিথ্যা মিলিয়ে অনেক কথা বলেন। তবে সরকার এসব মোকাবিলা করেই বড় প্রকল্পগুলো বাস্তবায়নের পথে এগোচ্ছে। এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ দক্ষ জনবল এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার আবাসিক খাতে এলপি গ্যাস ব্যবহারের নীতিমালা চূড়ান্ত করেছে। শিগগিরই এ ব্যাপারে গেজেট প্রকাশিত হবে। আগামী তিন বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ এলাকায় এলপি গ্যাস পৌঁছে দেওয়া হবে। বড় প্রকল্প বাস্তায়নে ধীরগতি স্বীকার করেই তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোনো প্রকল্প অবাস্তবায়িত রাখবে না।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও জ্বালানি খাতের বিশিষ্ট গবেষক ইজাজ হোসেন বলেন, রাশিয়ার আইন হচ্ছে অন্য কোনো দেশের বর্জ্য সে দেশে নেওয়া যাবে না। তারা যেটা করবে সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর উচ্চমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য নিয়ে পরিশোধন করে তেজস্ক্রিয়তা কমিয়ে আবার ফেরত দেবে। বাংলাদেশকেই তা সংরক্ষণ করতে হবে।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের মালিক ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল)’ ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল ভট্টাচার্য বলেন, বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) মান অনুসরণ করে তাঁরা প্রকল্প বাস্তবায়ন করছেন। শিগগিরই প্রকল্পের ‘ফিন্যান্সিয়াল ক্লোজার’ সম্পন্ন হবে। ইউনেসকোর সর্বশেষ প্রতিবেদনের কিছু বিষয় উল্লেখ করে তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য কোনোভাবেই ক্ষতিকর হবে না।

এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যারি এন লাই বলেন, কয়লাভিত্তিক বড় বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের দেশের কয়লা ব্যবহারের কথা ভাবা উচিত। আন্তর্জাতিক মানে পরিবেশ-প্রতিবেশ ব্যবস্থাপনার মাধ্যমেই বাংলাদেশে উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি করা এবং খনিমুখে বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন সম্ভব।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম বলেন, বিশেষ আইনের আওতায় বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে এগুলো সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ কম। দুর্নীতির অভিযোগও ওঠে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করে বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট খুললেও সব প্রকল্প সম্পর্কে হালনাগাদ তথ্য পাওয়া যাবে। আর দুর্নীতির অভিযোগ মনগড়া।

এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় এনার্জি রেগুলেটরি কমিশনের আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান সেলিম মাহমুদ, সদস্য ইমদাদুল হক, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, আরেকজন সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক কর্মকর্তা ইউনুস আকন, পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান, বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক, বুয়েটের কেমিকৌশল বিভাগের শিক্ষক কাজী বায়েজিদ কবির, ওরিয়ন গ্রুপের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মো, মোশাররফ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ এস এ মনসুর প্রমুখ বক্তব্য দেন।