
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরে অন্তত সাতটি বড় অবকাঠামো প্রকল্পে অর্থায়নের গুরুত্ব দেবে বাংলাদেশ৷ এ ছাড়া বাংলাদেশের জন্য সরকাির উন্নয়ন সহায়তা (ওডিএ) অব্যাহত রাখার অনুরোধ জানানো হবে৷
গতকাল শনিবার দিবাগত রাতে চার দিনের সফরে প্রধানমন্ত্রী টোকিও যাওয়ার কথা৷ ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রথমবারের এ রাষ্ট্রীয় সফরে ৪৫ জনের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ ১০৯ জন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন৷
গতকাল পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়৷
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন সার্বিক অংশীদারিমূলক সম্পর্কে উন্নীত করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে৷
প্রসঙ্গত, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা গত ২২ মার্চ ঢাকা সফর করেন৷ তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে রাজনীতি, অর্থনীতিসহ সহযোগিতার সব বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারি প্রতিষ্ঠার প্রস্তাব দেন৷ তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের পক্ষ থেকে শেখ হাসিনাকে সে দেশ সফরের আমন্ত্রণ জানান৷
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় জানান, সর্বশেষ অর্থাৎ ৩৫তম ওডিএর আওতায় পাঁচটি প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ১১৮ কোটি ডলার ঋণ দেবে জাপান৷ জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ উৎপাদন ও নগর অবকাঠামো উন্নয়নে এ প্রকল্পগুলো নেওয়া হবে৷
শেখ হাসিনার টোকিও সফরে বাংলাদেশের অগ্রাধিকারের প্রসঙ্গ উল্লেখ করে এ এইচ মাহমুদ আলী বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে জাপানের ওডিএ অব্যাহত রাখার অনুরোধ জানানো হবে৷ এ ছাড়া জ্বালানি, বিদ্যুৎ অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ওষুধ, তৈরি পোশাকসহ বিভিন্ন খাতে বিনিয়োগের অনুরোধ জানানো হবে৷ এসবের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে একটি শান্তিরক্ষা কার্যক্রম-সংক্রান্ত কেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাওয়া হবে৷
এবারের সফরে বৃহদায়তন কয়টি প্রকল্পে সহায়তা চাওয়া হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, গঙ্গা ব্যারাজ, যমুনা নদীর নিচে সুড়ঙ্গ পথ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে একটি নতুন রেলসেতু, ঢাকা পূর্বাঞ্চলীয় বাইপাস, ঢাকার চারপাশের চারটি নদী পুনরুজ্জীবিত এবং একটি সেতুসহ মাওয়া-কালনি-যশোর সড়ক নির্মাণে জাপানের অর্থায়নের অনুরোধ জানানো হবে৷
জাপানি বিনিয়োগ-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, ২০০৭ সালে বাংলাদেশে ৬১টি জাপানি কোম্পানির বিনিয়োগ ছিল৷ বর্তমানে তা ১৭৬টিতে দাঁড়িয়েছে৷ আরও ২০টি কোম্পানি বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে৷
খসড়া সফরসূচি অনুযায়ী, টোকিও সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে তাঁর প্রাসাদে দেখা করবেন৷ কাল সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হবে৷ বৈঠক শেষে একটি যৌথ ইশতেহার ঘোষণার কথা রয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সে দেশের বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করবেন৷ এ ছাড়া প্রধানমন্ত্রী এ সফরের সময় ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষা ও তারুণ্যের ক্ষমতায়ন’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন৷ তিনি জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা), জাপানের বৈদেশিক বাণিজ্য সংগঠন (জেটরো), জাপান-বাংলাদেশ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন৷ এ ছাড়া মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন এমন আটজন জাপানি বন্ধুর সম্মাননায় অংশ নেবেন প্রধানমন্ত্রী৷
জাপান সফরের পর আগামী ৬ জুন প্রধানমন্ত্রী চীনে যাবেন৷