বড় প্রকল্পের গতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা দেশের উন্নয়ন প্রকল্পেও নেতিবাচক প্রভাব ফেলেছে। পদ্মা সেতু, মেট্রোরেল, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় উন্নয়ন প্রকল্পে জাপান, চীন, ভারতসহ বিভিন্ন দেশের শত শত বিশেষজ্ঞ কাজ করেন। তাঁদের মধ্যে জাপানের নাগরিকই বেশি। হামলার ঘটনার পরপরই তাঁদের প্রায় শতভাগই প্রকল্প এলাকা ছেড়ে নিজ দেশে কিংবা নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। এর ফলে পদ্মা সেতু প্রকল্প ছাড়া অন্য বড় প্রকল্পগুলোর কাজ কয়েক মাস কার্যত বন্ধই ছিল। বরাদ্দ অনুযায়ী টাকা খরচও হয়নি।

গুলশানের ঘটনার পর ছয় মাসের মতো এই বিদেশি বিশেষজ্ঞদের বেশির ভাগই কাজে ফেরেননি। কয়েক মাস আগে থেকে তাঁরা ফিরে আসতে শুরু করেছেন। প্রকল্পের কাজে গতি এসেছে।

তবে গুলশানের ঘটনায় প্রকল্পগুলোতে বিদেশি বিশেষজ্ঞদের ফিরিয়ে আনতে সরকারকে বেশ বেগ পেতে হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কয়েক মাস আগে জাপান সফরে গিয়েছিলেন। তখন জাপানের বিশেষজ্ঞদের কাজে যোগদানের জন্য জাপান সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে তাঁকে নিরাপত্তার আশ্বাস দিতে হয়েছে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে প্রথম আলোর প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, হলি আর্টিজানের ঘটনার পরিপ্রেক্ষিতে সব মেগা প্রকল্পের সংশ্লিষ্ট সব বিদেশি চলে গিয়েছিলেন। কয়েক মাস ধরে তাঁরা আবার ফিরে আসতে শুরু করেছেন। তাই চলতি অর্থবছরে এসব প্রকল্পে কাজের অগ্রগতি যা হওয়ার কথা ছিল, তা হয়নি। কতসংখ্যক বিদেশি দেশে ফিরে গেছেন, কতজন ফিরে এসেছেন—এমন তথ্য জানতে চাইলে তিনি এর কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, ‘এটি অত্যন্ত সংবেদনশীল তথ্য। আমি জানলেও তা বলব না।’

বাস্তবায়নে ধীরগতি

গুলশানের ঘটনার পর বড় প্রকল্পগুলোর তেমন অগ্রগতি হয়নি। মূলত বিদেশি বিশেষজ্ঞরা চলে যাওয়ায় প্রকল্প বাস্তবায়নের গতি কমেছে। উদাহরণ দিয়ে বলা যায়, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বহু লেন সড়ক বা টানেল নির্মাণ প্রকল্পে বছরের শুরুতে সারা বছরের বরাদ্দ ছিল ১ হাজার ৯৮১ কোটি টাকা। গত ফেব্রুয়ারি পর্যন্ত খরচ হয়েছে মাত্র ১২১ কোটি টাকা। পরে বরাদ্দ সংশোধন করে ১ হাজার ৪২১ কোটি টাকা করা হয়েছে।

অন্যদিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রে বরাদ্দ ছিল ২ হাজার ৪০০ কোটি টাকা। ফেব্রুয়ারি পর্যন্ত খরচ মাত্র ২৭৭ কোটি টাকা। তাই বরাদ্দ কমিয়ে ৫২৫ কোটি টাকা করা হয়েছে।

বেড়েছে নিরাপত্তায় বরাদ্দ

প্রকল্পে কাজ করেন এমন বিদেশিদের নিরাপত্তা দিতে বড় বড় প্রকল্পে নতুন নিরাপত্তা ব্যয় খাত তৈরি করা হয়েছে। এতে প্রায় সব বড় প্রকল্পের খরচ বাড়াতে হয়েছে। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, দেশের অন্যতম অগ্রাধিকার পাওয়া মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বিদেশি পরামর্শক ও প্রকৌশলীদের নিরাপত্তা দিতে বাড়তি ৫১ কোটি টাকা খরচ করা হচ্ছে। এটি মূল প্রকল্পে ছিল না। এই প্রকল্পে বর্তমানে জাপানের অর্ধশতাধিক পরামর্শক ও প্রকৌশলী কাজ করছেন। মূল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হলে চার শর মতো বিদেশি পরামর্শক ও প্রকৌশলী কাজ করতে আসবেন। জানা গেছে, বিদেশিদের থাকার জন্য বহুতল স্টিল ভবন, কাঁটাতারের দেয়াল, টহল সড়ক, অস্ত্রাগার, নিরাপত্তাচৌকি, তদারকিচৌকি, পুলিশ ও আনসারদের বাসস্থান ও আসবাব, হেলিপ্যাড নির্মাণ প্রভৃতি রয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি বড় প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তা দিতে পুলিশ ও আনসার নিয়োগ দেওয়া হয়েছে। কোনো বিদেশি যদি প্রকল্প এলাকার বাইরে জরুরি কাজে যান, তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার জন্যও প্রহরী দেওয়া হচ্ছে।

হোলি আর্টিজানের ঘটনার পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে সম্প্রতি জাপান আন্তর্জাতিক সাহায্য সংস্থার (জাইকা) সাহায্যপুষ্ট ১৮ প্রকল্প বিশ্লেষণ করেছে ইআরডি। পরে তা নিয়ে প্রকল্প পরিচালক এবং জাপান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন ইআরডির কর্মকর্তারা। ইআরডির বিশ্লেষণে বলা হয়েছে, জাপানের বিশেষজ্ঞদের অনেকেই প্রকল্প এলাকায় না গিয়ে ঢাকায় বসে কাজ করছেন। মূলত নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক না হওয়ায় তাঁরা প্রকল্প এলাকায় যাচ্ছেন না। তবে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস পেয়ে কিছু কর্মকর্তা সেখানে গেছেন।

জাইকা সহায়তাপুষ্ট প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকায় মেট্রোরেল নির্মাণ; কাঁচপুর, মেঘনা, গোমতী সেতু পুনর্বাসন ও নির্মাণ, ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, পশ্চিমাঞ্চলে ৬১টি সেতু নির্মাণ, মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও বঙ্গবন্ধু সেতুর ওপরে রেলসেতু নির্মাণের সমীক্ষা।