বড় প্রতিষ্ঠানের ছোট ট্যাক্সও বাকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ীদের বড় বড় প্রতিষ্ঠানের সামান্য হোল্ডিং ট্যাক্সও বকেয়া পড়ে আছে। এ তালিকায় সরকারি প্রতিষ্ঠানও আছে। এসব প্রতিষ্ঠানের কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রায় ১৫০ কোটি টাকা পায়। দফায় দফায় নোটিশ দিয়েও এ ট্যাক্স আদায় করতে পারছে না করপোরেশন।
দক্ষিণ সিটি করপোরেশনের এ-সংক্রান্ত কাগজপত্রে দেখা যায়, এই খেলাপিদের মধ্যে আছেন দেশের নামকরা ব্যবসায়ী, খ্যাতনামা হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বিপণি-বিতান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশ রেলওয়ে, স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইস্টার্ন প্লাজা, ফুটবল ফেডারেশন, রাজউক ও শাইনপুকুর সিরামিকস। এর মধ্যে কিছু বিরোধপূর্ণ হোল্ডিংও রয়েছে। এমনও ব্যক্তি বা প্রতিষ্ঠান রয়েছে, যারা গত ২৫ বছরেও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করেনি।
জানতে চাইলে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলোকে বলেন, বকেয়া টাকা আদায়ে আবারও চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এর পরও যদি ভবনের মালিকেরা হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করেন, তবে মালামাল ক্রোক করা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে মামলা করা হবে। তিনি বলেন, অনেকেই উল্টো মামলা করে বসে আছে, যে কারণে সিটি করপোরেশনের অনেক টাকা আটকে রয়েছে। আবার কিছু কিছু সরকারি সংস্থাও আছে, যারা হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে চায় না। এ কারণেই এত টাকা বকেয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের তথ্য অনুযায়ী, তাদের এলাকায় হোল্ডিং রয়েছে এক লাখ ২৪ হাজার, অঞ্চল রয়েছে পাঁচটি। কিন্তু কিছু প্রতিষ্ঠান এ হোল্ডিং ট্যাক্স সময়মতো পরিশোধ না করে বছরের পর বছর আটকে রেখেছে।
এর মধ্যে রেলওয়ের কাছে চার কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটির কাছে পাওনা তিন কোটি ৬০ লাখ ৫৮ হাজার টাকা, হলি ফ্যামিলি হাসপাতালের কাছে পাওনা সাড়ে তিন কোটি টাকা, ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের কাছে দুই কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৬৩ টাকা, রাজউকের কাছ থেকে এক কোটি ১৬ লাখ ৭ হাজার ১৫৮ টাকা, ইসমাইল ম্যানশনের (মার্কেট) কাছে এক কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা, আদ-দ্বীন হাসপাতালের কাছে এক কোটি ১৩ লাখ টাকা, ফুটবল ফেডারেশনের কাছে ৮৫ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা, সাবেক সাংসদ খান মো. ইকবালের প্রতিষ্ঠান দ্য মুসলিম লিমিটেডের কাছে ৬০ লাখ ৭৪ হাজার ৯৮৭ টাকা, একই মালিকের শাইনপুকুর সিরামিকসহ দুটি প্রতিষ্ঠানের কাছে ৬০ লাখ টাকা এবং বোরহানউদ্দিন পোস্টগ্র্যাজুয়েট কলেজের কাছে পাওনা ৩৫ লাখ ৬৭ হাজার ৩২৯ টাকা।
এ ছাড়া বয়েজ স্কাউট অ্যাসোসিয়েশনের কাছে ৩০ লাখ ৯৪ হাজার ৯৮০ টাকা, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে ২৮ লাখ ৭০ হাজার টাকা, সাবেক সাংসদ মকবুল হোসেনের প্রতিষ্ঠান তরঙ্গ বাংলাদেশ লিমিটেডের কাছে ২৭ লাখ ৮৯ হাজার ৪৩৭, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে ২৪ লাখ ৫৬ হাজার, হ্যাপি প্রোপার্টিজের কাছে ২২ লাখ ৬৩ হাজার ৫২৮ টাকা, ইস্টার্ন প্লাজার কাছে নয় লাখ ৯৭ হাজার টাকা, ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান নয় লাখ ২৬ হাজার ৪২২, ডরিং হাউজিংয়ের কাছে আট লাখ ১৪ হাজার ৬৪৬ টাকা, ওয়ালসো লিমিটেডের কাছে ছয় লাখ ৭৮ হাজার ৬৬১ টাকা, আঞ্জুমান আহমদিয়া ১৯ লাখ টাকা, সাবেক কমিশনার মো. মোতালেবের কাছে দুই লাখ ৬৬ হাজার ২৫৭ টাকা এবং মহানগর আওয়ামী লীগের নেতা ফারুক মিয়ার কাছে দুই লাখ ৩৬ হাজার ৫১৮ টাকা পাওনা উল্লেখযোগ্য।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর কর্মকর্তা সাইদুর রহমান ও মো. ওয়ালিউল্লাহ এ বিষয়ে প্রথম আলোকে জানান, পাওনা আদায় করতে গেলে অনেকে চেক দিচ্ছেন। কিন্তু সেই চেক বাউন্স হচ্ছে। খেলাপিদের মধ্যে অনেকেই ক্ষমতাবান। অনেক সময় কিছু বলাও যায় না।
জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন বলেন, বাজেটে কিছুটা সমস্যা হচ্ছে। তবে ওই টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এসব কথা মুঠোফোনে বলা যাবে না। সামনে এসে কথা বলেন।’
হলি ফ্যামিলি হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতাল একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা ডিসিসিকে হোল্ডিং ট্যাক্স কমাতে বলেছিলাম। তারা কমায়নি। আলোচনা চলছে। তাই অনেক টাকা বাকি পড়েছে। আমরা চাপে আছি।’
আদ-দ্বীন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা তারেকুল ইসলাম ট্যাক্স বাকি থাকার বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে পরে কথা হবে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম হোল্ডিং ট্যাক্স বাকি থাকার কথা স্বীকার করে বলেন, ওই টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইস্টার্ন প্লাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির নেওয়াজ বলেন, বাকি কিছু থাকলে থাকতে পারে। বিষয়টি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
আয়তন গোপন করে হোল্ডিং ট্যাক্স ফাঁকি: দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, বহুতল ভবনের আয়তন গোপন করে বর্গফুট কম দেখিয়ে এবং আবাসিক সুবিধার নামে রাজধানীর শতাধিক বহুতল বাণিজ্যিক ভবনে বছরে শতকোটি টাকার হোল্ডিং ট্যাক্স ফাঁকি দিচ্ছেন। এসব কারসাজির সঙ্গে সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চলের রাজস্ব বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাণিজ্যিক ভবনের মালিকেরা জড়িত।
রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, বছরের পর বছর হোল্ডিং ট্যাক্স অনাদায়ি থাকার মূলে রয়েছে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দুর্বল ব্যবস্থাপনা এবং একশ্রেণীর কর্মকর্তার অসাধুতা। করপোরেশন দুই ভাগ হওয়ার পরও এ অবস্থা বহাল রয়েছে।