বড় বন্যার আশঙ্কা নেই, দাবি পানিসম্পদমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় দেশের বেশ কিছু জেলা প্লাবিত হলেও তা মারাত্মক রূপ নেওয়ার আশঙ্কা নেই। তা ছাড়া দেশের বিভিন্ন নদীর অববাহিকায় পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা নেমে যাবে। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল বৃহস্পতিবার তাঁর সচিবালয়ের কার্যালয়ে দেশের সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেন। দেশব্যাপী বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানান, ব্রহ্মপুত্র, পদ্মা ও যমুনা অববাহিকার ছয়টি নদীর ১১টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামতসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রমেশ চন্দ্র সেন আরও বলেন, দেশের বিভিন্ন নদ-নদীতে গত কয়েক দিনে পানি যতটুকু বেড়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা কমে যাবে।