অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা। তাই এর বিরুদ্ধে সবাইকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের প্রবর্তক সংঘে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধে প্রবর্তক সংঘের শহীদদের স্মৃতিচারণ ও নতুন মৈত্রেয়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী সব ধর্ম ও বর্ণের লোককে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী হয়েছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘নতুন প্রজন্মের জন্য যদি সুন্দর ও সুনিশ্চিত ভবিষ্যৎ রেখে যেতে না পারি, তাহলে কিসের জন্য মুক্তিযুদ্ধ করেছি? মুক্তিযুদ্ধ করাটাই বৃথা হয়ে যাবে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘এ দেশ আমাদের সবার। জাতীয় পতাকার সঙ্গে আমাদের সবার রক্ত মিশে আছে। সবার মিলিত আত্মত্যাগ আছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশ যদি আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, তাহলে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ সফল হবে। তবে এই স্বপ্ন বাস্তবায়নে বড় বাধা মৌলবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা। এর বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ ও সংগ্রাম গড়ে তুলতে হবে।’
রানা দাশগুপ্ত বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সময় প্রবর্তক সংঘের ১৪ জনকে নৃশংসভাবে খুন করেছে। যুদ্ধের সময় হানাদার বাহিনী এই প্রবর্তক সংঘে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচার শুরু ও কার্যকর করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শহীদ নূতন চন্দ্র সিংহের ছেলে প্রফুল্ল রঞ্জন সিংহ।
প্রবর্তক সংঘের সভাপতি সুভাষ চন্দ্র লালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইন্দুনন্দন দত্ত, চট্টগ্রাম সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম, প্রবর্তক সংঘের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী প্রমুখ।
আলোচনা সভা শেষে গৃহায়ণমন্ত্রী ছয়তলাবিশিষ্ট ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।